| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক:
পেট্রোল বা লিথিয়াম নয়, এবার স্কুটার চলবে লবণের শক্তিতে! ব্যাটারি জগতে নতুন সম্ভাবনা তৈরি করেছে চীনের সোডিয়াম আয়ন প্রযুক্তি। সমুদ্রের পানি থেকে সহজে সংগ্রহযোগ্য লবণ দিয়ে তৈরি এই ব্যাটারি দিয়ে শুধু স্কুটার নয়, ভবিষ্যতে বিদ্যুৎ সঞ্চয় কেন্দ্রও চালানো যাবে।
চীনের গুয়াংজি প্রদেশে ইতোমধ্যে চালু হয়েছে একটি সোডিয়াম আয়ন ব্যাটারির বিদ্যুৎ স্টোরেজ কেন্দ্র, যা প্রতিদিন দেড় হাজারের মতো পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করছে।
এই প্রযুক্তিকে জনপ্রিয় করতে নতুন উদ্যোগ নিয়েছে চীনের বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান ইয়াদিয়া। তারা ইতোমধ্যে বাজারে এনেছে তিনটি সোডিয়াম-চালিত স্কুটার, যেগুলোর মূল্য ধরা হয়েছে ৩০ থেকে ৫১ হাজার টাকার মধ্যে—অর্থাৎ সাধারণ ইভি স্কুটারের তুলনায় অনেক সাশ্রয়ী।
সোডিয়াম ব্যাটারির সবচেয়ে বড় সুবিধা হলো এটি দ্রুত চার্জ হয়। ইয়াদিয়ার নতুন মডেলগুলোতে রয়েছে ফাস্ট চার্জিং পিলার, যা মাত্র ১৫ মিনিটে ৮০ শতাংশ চার্জ দিতে সক্ষম।
এ ছাড়া ব্যাটারি সোয়াপিং সুবিধাও থাকছে। ব্যবহারকারীরা একটি কিউআর কোড স্ক্যান করেই ব্যাটারি বদল করতে পারবেন। এই প্রযুক্তির গবেষণার জন্য প্রতিষ্ঠানটি হাংঝৌতে চালু করেছে হুয়ায়ু নিউ এনার্জি রিসার্চ ইনস্টিটিউট।
বিশ্ব যখন লিথিয়ামের ওপর নির্ভরতা কমাতে চায়, চীন তখন সোডিয়াম ব্যাটারির গণউৎপাদনের দিকে এগিয়ে থেকে তৈরি করছে ব্যাটারির ভবিষ্যৎ।

