32.1 C
Dhaka
রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে চার দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল করা হয়েছে। সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ওয়েবসাইট চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) জরুরি নিরাপত্তাঝুঁকির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় কর্তৃপক্ষ সেটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছিল। এ ঝুঁকি এড়াতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটের কার্যক্রম বন্ধ রাখা হয়।

ওই সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছিলেন, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাঝুঁকি এড়ানো এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করাই ছিল এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

ওয়েবসাইট বন্ধ রাখার পর কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানের কাজ শুরু করে। ঝুঁকির ধরন পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর ওয়েবসাইটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। সবশেষে রোববার সকাল থেকে ওয়েবসাইটটি আবার ব্যবহার করা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী সতর্কতা তৈরি হয়েছিল। এসব ত্রুটির সুযোগ নিয়ে সাইবার হামলাকারীরা দূর থেকে কোনো সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার চেষ্টা করতে পারেন।

এ ধরনের নিরাপত্তা ত্রুটি কাজে লাগানো হলে সার্ভারে থাকা ফাইল, তথ্যভান্ডার এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়া বা সংরক্ষিত তথ্যের ক্ষতি করার আশঙ্কাও থাকে। এ কারণে সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা ও হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপি প্রযুক্তিনির্ভর আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বাস্তবে কোনো সাইবার হামলা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা। বিশ্বের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ই-কমার্স সাইট এবং অনলাইন সেবা পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহার করা হয়। ওয়েবসাইটের বিভিন্ন কার্যক্রম পরিচালনা, তথ্য প্রক্রিয়াকরণ এবং ব্যবহারকারীর অনুরোধ অনুযায়ী তথ্য সরবরাহের কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে কোনো ওয়েবসাইটে পিএইচপি ব্যবহার করা হলেই সেটি সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে, এমন নয়। মূলত পিএইচপির কোন সংস্করণ ব্যবহার করা হচ্ছে, নিরাপত্তা ত্রুটি সংশোধনের জন্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কি না এবং সার্ভারে কী ধরনের সুরক্ষাব্যবস্থা রয়েছে, তার ওপর ঝুঁকির মাত্রা নির্ভর করে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পুনরায় চালু হওয়ায় ব্যবহারকারীরা আবার অনলাইনে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ও সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় কী কী কারিগরি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে ছাড় ৩ হাজার ৩২৪ টাকা

দেশের বাজারে টানা চতুর্থবারের মতো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের...