34.9 C
Dhaka
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

ফুটপাত ও সড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত চলবে উচ্ছেদ অভিযান: ডিএনসিসি প্রশাসক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঢাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, রাজধানীর যেসব এলাকায় অবৈধ দখল ও নানা ধরনের জঞ্জালের কারণে মানুষের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, সেসব জায়গায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, এটি শুধু ফুটপাত উচ্ছেদের অভিযান নয়। ঢাকা শহরের যেসব স্থানে অবৈধ দখল ও জঞ্জাল রয়েছে এবং যেগুলো নগরবাসীর স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে, সেসব জায়গা দখলমুক্ত করা হবে। নগরবাসীর হাঁটাচলার অধিকার ফিরিয়ে দিতে প্রতিটি এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মিরপুর ১ নম্বর, শাহ আলী, দারুস সালামসহ আশপাশের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বাসিন্দারা ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে মিরপুর ১ নম্বর এলাকায় অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে হকাররা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও তা সমাধানে কার্যকর উদ্যোগের অভাব ছিল।

ডিএনসিসি প্রশাসকের ভাষ্য, এসব হকার শুধু গত এক-দুই বছর ধরে সেখানে ব্যবসা করছেন না; তাঁর অভিযোগ, আগের ফ্যাসিবাদী আমল থেকেই তাঁরা অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছেন।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে তিনি মনে করেন, জনগণের চলাচলের পথ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া তাঁর নৈতিক দায়িত্ব। মিরপুর ১ নম্বর এলাকায় যেখানে অভিযান চলছে, তার আশপাশে বেশ কয়েকটি মার্কেট রয়েছে। এসব মার্কেটের বিভিন্ন কমিটির নেতা এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এ বিষয়ে তাঁকে ব্যক্তিগতভাবে অভিযোগ জানিয়ে আসছিলেন।

তিনি জানান, বুধবার সকাল ১১টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চলছিল। অভিযানের সময় এলাকার সাধারণ মানুষ, মার্কেট কমিটির কর্মকর্তা এবং স্থানীয় দোকানিরাও তাঁদের সঙ্গে যোগ দেন। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, যত দিন তিনি দায়িত্বে থাকবেন, তত দিন পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার অঙ্গীকার নিয়েই তিনি দায়িত্ব পালন করতে চান।

নগরবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। এর আগে মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করে তা নগরবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেখানে গাছ লাগিয়ে সবুজায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুটপাতে লাগানো গাছের পরিচর্যা এবং নিয়মিত পানি দেওয়ার দায়িত্ব পালন করতে বলা হয়েছে। গত মঙ্গলবারও স্থানীয়দের সঙ্গে নিয়ে গাছের পরিচর্যা করা হয়েছে বলে জানান তিনি।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করা তাঁর দায়িত্ব। একই সঙ্গে নগরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে তুলতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

এ সময় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে ডিএনসিসি প্রশাসক বলেন, তাঁর ভাষায়, পরাজিত শক্তি ও ফ্যাসিবাদী শক্তি সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলে তিনি মন্তব্য করেন।

মিরপুর ১০ নম্বরের মতো মিরপুর ১ নম্বর এলাকাকেও হাঁটাচলার উপযোগী করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। মিরপুর ১০ নম্বরের মতো মিরপুর ১ নম্বর এলাকার ফুটপাত ও সড়কও দখলমুক্ত করে মানুষের চলাচলের উপযোগী করা হবে।

উচ্ছেদের পর ফুটপাত যাতে আবার দখল হয়ে না যায়, সে বিষয়েও নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি তদারক করবেন। পাশাপাশি পুলিশের উপকমিশনার (ডিসি) নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুলিশ সদস্যরাও বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

শফিকুল ইসলাম খান মিল্টন সতর্ক করে বলেন, উচ্ছেদ করা জায়গায় কেউ আবার অবৈধভাবে বসার বা দখল নেওয়ার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত ও সড়ক দখলমুক্ত রেখে নগরবাসীর চলাচল নিশ্চিত করতে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

৯ মাসে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৭৭ শতাংশ

চলতি বছরের প্রথম ৯ মাসে বড় ধরনের মুনাফা কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ব্যাংকটির...