| Your Ads Here 100x100 |
|---|
বলিউড বাদশাহ শাহরুখ খান মানেই নতুন কোনো চমক। দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় নতুন সিনেমা নিয়ে ফিরছেন এই অভিনেতা। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সেই আগ্রহকে পুঁজি করে বিভিন্ন স্বত্ব বিক্রি থেকেই বিপুল অর্থ আয় করেছে সিনেমাটি।
সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে ‘কিং’-এর আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে, যা ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে রেকর্ড বলে জানা গেছে।
ভারতের বাইরের বাজারে ‘কিং’-এর পরিবেশনা স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। প্রতিষ্ঠানটি এ স্বত্বের জন্য ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টি দিয়েছে। ভারতীয় কোনো সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ন্যূনতম গ্যারান্টির অঙ্ক বলে দাবি করা হচ্ছে। এর আগে এ ধরনের কোনো চুক্তির মূল্য ১০০ কোটি রুপি ছাড়ায়নি।
অন্যদিকে, ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব কিনেছে পেন মারুধর। এ জন্য প্রতিষ্ঠানটি ব্যয় করেছে ২৫০ কোটি রুপি। পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশের বাজারে প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব বিক্রি থেকেই বড় অঙ্কের অর্থ এসেছে নির্মাতাদের ঘরে।
প্রেক্ষাগৃহের বাইরে সিনেমাটির অন্যান্য স্বত্ব বিক্রিও হয়েছে বড় অঙ্কে। নেটফ্লিক্স ১৫০ কোটি রুপিতে ‘কিং’-এর ওটিটি স্বত্ব কিনেছে বলে খবর। এ ছাড়া সিনেমাটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ২৫ কোটি রুপিতে। সংগীতস্বত্ব বিক্রি থেকে এসেছে আরও ৬৫ কোটি রুপি।
তবে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে রয়েছে বিশেষ একটি শর্ত। সিনেমাটির প্রেক্ষাগৃহে ব্যবসার ওপর নির্ভর করে ওটিটি স্বত্বের চূড়ান্ত মূল্য পরিবর্তিত হতে পারে। অর্থাৎ, বড় পর্দায় ‘কিং’ যত বেশি ব্যবসা করবে, চুক্তির অঙ্ক তত বাড়ার সম্ভাবনা রয়েছে। আবার প্রত্যাশা অনুযায়ী ব্যবসা না হলে এই অঙ্ক কমেও যেতে পারে।
সব মিলিয়ে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি থেকে ‘কিং’-এর সম্ভাব্য আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি। ফলে সিনেমাটি মুক্তির আগেই বাণিজ্যিকভাবে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।
তবে সিনেমাটির নির্মাণব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে। শুরুতে ‘কিং’-এর বাজেট ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি রুপি। পরে সিনেমার পরিকল্পনায় বিভিন্ন পরিবর্তন আসায় নির্মাণব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি রুপিতে। এর সঙ্গে শাহরুখ খানের পারিশ্রমিক যোগ করলে মোট ব্যয় প্রায় ৫০০ কোটি রুপিতে পৌঁছাবে বলে জানা গেছে।
এত বড় বাজেটের সিনেমাকে সফল করতে হলে প্রেক্ষাগৃহে বিপুল আয় করতে হবে। মুক্তির আগেই স্বত্ব বিক্রি থেকে পাওয়া বড় অঙ্কের অর্থ নির্মাতাদের জন্য স্বস্তির খবর হলেও শেষ পর্যন্ত সিনেমাটির বাণিজ্যিক সাফল্য নির্ভর করবে দর্শকদের সাড়া ও প্রেক্ষাগৃহের আয়ের ওপর।
এর আগে পরিচালক সিদ্ধার্থ আনন্দের নির্মাণে ‘পাঠান’ সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। সেই সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্য পেয়েছিল। এবারও সিদ্ধার্থ আনন্দের সঙ্গে নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বড় প্রত্যাশা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। এ ছাড়া রয়েছেন অভিনেতার সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্ল ও ববি দেওলসহ একঝাঁক তারকা।
বড় বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী এবং মুক্তির আগেই বিপুল আয়—সব মিলিয়ে ‘কিং’ নিয়ে বলিউডে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, মুক্তির পর বক্স অফিসে শাহরুখের এই নতুন সিনেমা কতটা সাফল্য অর্জন করতে পারে।

