27 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিকদের সমাবেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

স্বল্পগতির ব্যাটারিচালিত যানবাহন বা ই-রিকশা চলাচল নীতিমালা-২০২৬ সংশোধনসহ ১২ দফা দাবি আদায়ে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি সুরক্ষা, যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স সহজ করা এবং হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার পর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে যোগ দিতে জড়ো হতে থাকেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো শ্রমিক এতে অংশ নেন। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়ন।

শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, ই-রিকশা চলাচল নীতিমালা-২০২৬-এর কিছু ধারা শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি ধ্বংসের কারণ হতে পারে। তাই শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নীতিমালার সংশ্লিষ্ট ধারা সংশোধন করতে হবে। একই সঙ্গে সারা দেশের জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে যানবাহনের লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দেওয়ার দাবি জানান তারা। চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের কথাও বলা হয়েছে।

নীতিমালায় প্রস্তাবিত নিবন্ধন ও নবায়ন ফি কমিয়ে সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিকরা। বর্তমানে সড়কে চলাচল করা যানবাহনের কাঠামো পরিবর্তনের জন্য অন্তত দুই বছর সময় দিতে হবে। পাশাপাশি প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করার দাবি জানান তারা।

শ্রমিকদের অভিযোগ, বিভিন্ন স্থানে তাদের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি করা হচ্ছে। এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নামে বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করা মিটারের সংযোগ বিচ্ছিন্ন বন্ধ এবং ইতোমধ্যে বিচ্ছিন্ন করা সংযোগ পুনঃস্থাপনের দাবিও রয়েছে তাদের।

ই-রিকশা নীতিমালা সংশোধন ও বাস্তবায়নের ক্ষেত্রে শ্রমিকসহ সব অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নেতারা। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতিনিধিত্বে কমিটি গঠন, শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি তৈরি এবং ই-রিকশা উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশ প্রদানকারী কমিটিতে শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ই-রিকশা বিক্রির ক্ষেত্রে সুলভ মূল্য নির্ধারণের কথাও বলেন তারা।

সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে লেন পদ্ধতি কার্যকর করা, সার্ভিস লেন নির্মাণ এবং রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড তৈরির দাবি জানিয়েছেন শ্রমিকরা। পাশাপাশি যানবাহনের চার্জিং স্টেশন নির্মাণের ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

ব্যাটারিচালিত যানবাহন নিয়ে আদালতে দায়ের করা সব রিট দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের জীবিকা সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের আহ্বানও জানানো হয়েছে।

শ্রমিকদের মতে, ব্যাটারিচালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। বর্তমানে সচল সব গ্যারেজকে নতুন কোনো শর্ত ছাড়াই ট্রেড লাইসেন্স দিতে হবে। পাশাপাশি ব্যাংক থেকে বিনা জামানতে এক অঙ্কের সুদে সর্বোচ্চ পরিমাণ ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে শ্রমিকরা সহজে আর্থিক সহায়তা পেতে পারেন।

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে রেশন ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অসাধু বাজার সিন্ডিকেট ভেঙে রিকশার যন্ত্রাংশসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর আহ্বান জানিয়েছেন তারা। বিদ্যুতের দাম, গ্যারেজ ভাড়া ও গাড়ির জমা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও রয়েছে।

শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবির শেষ দিকে অর্থনৈতিক ও মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত যানবাহনে বিনিয়োগ করা শ্রমিকদের ক্ষুদ্র পুঁজি সুরক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে মানুষকে প্যাডেলচালিত যানবাহন চালানোর অমানবিক শ্রম থেকে মুক্ত করার দাবি জানিয়েছেন নেতারা।

সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাইজভান্ডারিসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো অটোরিকশাচালক উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

নীতিগতভাবে আইজেনকোট ও নেতানিয়াহু ‘খুবই সাদৃশ্যপূর্ণ’: ট্রাম্প

  ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকোট এবং দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে নীতিগত দিক থেকে...