| Your Ads Here 100x100 |
|---|
বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে টোকিওর কান্তেইয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক শুরু হয়। এর আগে বেলা ১১টা ৩২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যের পরিমাণ বাড়ানো, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে জাপানের সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা রয়েছে।
বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।
দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী) বৈঠকে উপস্থিত রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
প্রতিনিধিদলে আরও রয়েছেন সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্কিত বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সোমবার (২৬ অক্টোবর) সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বৈঠক শেষে দুই দেশের পক্ষ থেকে যেসব সিদ্ধান্ত বা সমঝোতার কথা জানানো হবে, সেগুলোর ওপরই আলোচনার বাস্তব অগ্রগতি স্পষ্ট হবে।

