| Your Ads Here 100x100 |
|---|
বন্ধ হয়ে থাকা পোশাক কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন আর শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বন্ধ থাকা কারখানাগুলো খুব শিগগিরই চালু করার ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের যেসব দাবি ছিল, সেগুলো পূরণ করা হয়েছে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকেরাও এতে সন্তুষ্ট হয়েছেন। তবে কিছু দুষ্কৃতকারী হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, গার্মেন্টস ও নিট পোশাক খাতের শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে গতকাল আলোচনা হয়েছে। মালিকপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে। আলোচনায় সংশ্লিষ্ট সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য যে বোর্ড গঠন করা হয়েছে, সেটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা ও দর-কষাকষি এখন ওই বোর্ডের মাধ্যমেই হবে।
তিনি বলেন, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে শ্রমিকদের জন্য সবচেয়ে সহায়ক হয়, এমন একটি মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা চলবে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, শ্রমিকদের দাবি পূরণ এবং মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার পর নতুন করে অস্থিরতা তৈরির কোনো কারণ নেই। তাই শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা আগে থেকেই ছিল কি না এবং গোয়েন্দা তৎপরতায় কোনো ঘাটতি ছিল কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এবং নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে অতীতের ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কিছু মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, এ ধরনের অপচেষ্টা সরকার কঠোর হাতে দমন করবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তবে রাজনৈতিক উদ্দেশ্যে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

