| Your Ads Here 100x100 |
|---|
ঢাকার গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী পরীমনি। রোববার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে তিনি জানান, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় একদল মানুষের তোপের মুখে পড়েন তিনি। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি নাগরিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।
রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে আসেন পরীমনি। অনুষ্ঠানের ব্যাকস্টেজে বসে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেন। পরীমনি জানান, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে নিজের পরিবেশনা শেষ করে বের হওয়ার সময় কয়েকজনের বাধা ও হামলার মুখে পড়েন।
অভিনেত্রীর অভিযোগ, ওই সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তিনি গাড়িতে উঠতে পারছিলেন না। বাধ্য হয়ে গুলশান থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদেরও হিমশিম খেতে হয়েছে বলে দাবি করেন পরীমনি।
ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, ‘আমি থানায় ফোন করতে বাধ্য হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়িতে উঠতে পারছিলাম না। ব্যাকস্টেজে বসে আছি, রাত একটার সময়। তারা কারা জানেন? ইয়োলো জার্নালিজম করে, সাংবাদিকতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে।’
তিনি আরও বলেন, ‘এখানে স্টলগুলো ভাঙচুর করেছে। এসবের দায়িত্ব কে নেবে? যাদের ক্ষতি হয়েছে, যেসব আর্টিস্ট হেনস্তার শিকার হলেন, তাদের ক্ষতির দায় কে নেবে?’
সাম্প্রতিক সময়ে পরীমনিকে ঘিরে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে তার বিরোধের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এ ঘটনার পর সাংবাদিকদের একটি অংশ পরীমনিকে বয়কটেরও আহ্বান জানায়।
সাম্প্রতিক সেই বিরোধের প্রসঙ্গ টেনেই পরীমনি বলেন, তার প্রতি কারও ক্ষোভ থাকলে সরাসরি তার সঙ্গে কথা বলা উচিত। এভাবে অন্যদের ক্ষতিগ্রস্ত করা কিংবা হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি।
পরীমনি বলেন, ‘যদি আমার প্রতি ক্ষোভ থাকে, তাহলে আমার সঙ্গে বসুক, আমার সঙ্গে বুঝুক। আমি পুরো পারফর্মেন্স করলাম, কেউ কিছু বলল না। এখানে তো অনেক মানুষ, সাধারণ মানুষ। তাদের মাঝে ঝামেলা করার সাহস হয়নি ওদের।’
অভিনেত্রীর ভাষ্য, তিনি অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময়ই তার গাড়িতে হামলা চালানো হয়। এতে শুধু তিনি নন, অনুষ্ঠানে উপস্থিত অন্য শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও হয়রানি ও ক্ষতির শিকার হয়েছেন।
ঘটনার পর নিজের গাড়ি ভাঙচুর, অনুষ্ঠানের স্টল ক্ষতিগ্রস্ত হওয়া এবং শিল্পীদের হেনস্তার দায় কারা নেবে, সে প্রশ্নও তুলেছেন পরীমনি। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
তবে পরীমনির অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য কিংবা পুলিশের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

