| Your Ads Here 100x100 |
|---|
বাংলাদেশে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের (আইএফআরসি) নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সেভাল গুজেলকিলিঞ্চ। দায়িত্ব গ্রহণের পর সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিচয়পত্র গ্রহণের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রমে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সংস্থাটির বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আইএফআরসির মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও জোরদার করার বিষয়ে সরকারের আগ্রহের কথা তুলে ধরেন। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্ষমতা বৃদ্ধিতে আইএফআরসির অবদানের প্রশংসা করেন তিনি।
চলতি বছরের জুলাইয়ে দেশে বন্যা ও ভূমিধসের পর আইএফআরসির দ্রুত মানবিক সাড়ারও প্রশংসা করেন হুমায়ুন কবির। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, পূর্বাভাসভিত্তিক কার্যক্রম এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক চাহিদা ক্রমেই বাড়লেও আন্তর্জাতিক সহায়তা কমে আসার বিষয়টি তুলে ধরেন প্রতিমন্ত্রী। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসিকে তার বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান। সংকটের স্থায়ী সমাধানে প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ওপর জোর দেন তিনি।
নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিক সেবার পরিধি বাড়ানো, স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা উন্নত করাকে অগ্রাধিকার দেবেন বলে জানান গুজেলকিলিঞ্চ। পাশাপাশি আইএফআরসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেন তিনি।
বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

