34.6 C
Dhaka
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

মঞ্চে শিল্পা রাওয়ের মাইক বন্ধ, মাঝপথে থামল গান; প্রতিবাদে সংগঠন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ভারতের মুম্বাইয়ে ‘বলিউড মিউজিক প্রজেক্ট’-এর মঞ্চে গান পরিবেশনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী শিল্পা রাও। দর্শকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ বন্ধ করে দেওয়া হয় তার মাইক। একই সময়ে পাশের মঞ্চে শুরু হয় অন্য শিল্পীর পরিবেশনা। পরে আয়োজকদের সঙ্গে কথা বলার সুযোগ চাইলেও শেষ পর্যন্ত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় তাকে। এ ঘটনা ঘিরে ভারতের বিনোদনজগতে আলোচনা ও প্রতিবাদ শুরু হয়েছে।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুরো ঘটনার কিছু অংশ দেখা যায়। ভিডিওতে দেখা যায়, মঞ্চে পারফরম্যান্সের একপর্যায়ে দর্শকদের উদ্দেশে কথা বলছিলেন শিল্পা রাও। ঠিক তখনই তার হাতে থাকা মাইকের শব্দ বন্ধ হয়ে যায়। একই সময়ে পাশের মঞ্চে অন্য একটি দলের সংগীত পরিবেশনা শুরু হয়।

 

এমন পরিস্থিতিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন শিল্পা। এরপর আয়োজকদের কাছে কয়েক মুহূর্ত সময় চান তিনি। দর্শকদের উদ্দেশে কয়েকটি কথা বলার পর আবারও তার মাইক বন্ধ করে দেওয়া হয়। একপর্যায়ে আয়োজকদের প্রতিনিধিরা এসে তাকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান।

 

ঘটনাটি সামনে আসার পর শিল্পীর পরিবেশনা মাঝপথে বন্ধ করে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। একটি সংগীত উৎসবে অংশ নেওয়া শিল্পীর সঙ্গে এমন আচরণ কেন করা হলো, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।

 

আয়োজকদের বক্তব্য, একাধিক শিল্পীর অংশগ্রহণে বড় সংগীত উৎসব পরিচালনা করা বেশ কঠিন। প্রতিটি শিল্পীর পরিবেশনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে। কিন্তু কোনো শিল্পীর পরিবেশনা নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ হলে পরবর্তী শিল্পীদের পরিবেশনাও পিছিয়ে যায়। এতে পুরো অনুষ্ঠানের সময়সূচি ঠিক রাখা কঠিন হয়ে পড়ে।

 

আয়োজকেরা আরও জানান, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা এবং অনুষ্ঠানস্থলের নির্ধারিত সময়সীমা ও কারফিউ-সংক্রান্ত বিধিনিষেধের কারণে অনুষ্ঠান দীর্ঘ করার সুযোগ ছিল না। এসব বিষয় বিবেচনায় নিয়েই শিল্পা রাওয়ের পরিবেশনা নির্ধারিত সময়ের আগেই শেষ করতে বাধ্য হয়েছেন তারা বলে দাবি করেন।

 

তবে শিল্পার পুরো পরিবেশনা দর্শকদের সামনে তুলে ধরতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন আয়োজকেরা। তাদের বক্তব্য, সময়সূচি ও প্রশাসনিক বিধিনিষেধের কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

 

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেছেন শিল্পা রাও। সেখানে তিনি জানান, মুম্বাইয়ের ওই রাতের ঘটনা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে।

 

শিল্পা লেখেন, ‘মুম্বাই, আজ রাতে আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গেছে। এত সুন্দর একটা মুহূর্ত এভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এটা ভীষণ কষ্টের।’

 

তবে মঞ্চে গান থেমে গেলেও দর্শকদের ভালোবাসা থেমে যায়নি বলে জানিয়েছেন এই গায়িকা। তার প্রতি দর্শকদের সমর্থন ও ভালোবাসা ঘটনাটির পরও অব্যাহত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

শিল্পা রাওয়ের সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন শিল্পীর সঙ্গে মঞ্চে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, শিল্পীদের সম্মান ও মর্যাদা রক্ষা করা জরুরি। মঞ্চে পারফর্ম করার সময় কোনো শিল্পীর সঙ্গে এ ধরনের আচরণ বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

 

প্রয়োজনে শিল্পা রাওকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে সংগঠনটি। ফলে ঘটনাটি শুধু একটি সংগীত উৎসবের সময়সূচি নিয়ে বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; বরং বড় আয়োজনে শিল্পীদের প্রতি সম্মান, পারফরম্যান্সের সময়সীমা এবং আয়োজকদের দায়িত্ব নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ট্রাম্পের অনুমতির অপেক্ষায় যুক্তরাষ্ট্র, ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি

ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ অভিযানের জন্য মধ্যপ্রাচ্যে পর্যাপ্তসংখ্যক সেনা মোতায়েন রাখা হয়েছে। এখন...