| Your Ads Here 100x100 |
|---|
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ৬১তম জন্মদিনে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘কিং’-এর প্রথম গান। ‘তু মিল জায়ে’ শিরোনামের গানটিতে শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটির সবচেয়ে বড় আকর্ষণ হলো, এতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান এবং দুই বাঙালি শিল্পী অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। ভিন্ন ঘরানার তিন শিল্পীর কণ্ঠে গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
সোমবার (২ নভেম্বর) রাত ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি প্রকাশ করেন শাহরুখ খান। রোমান্টিক আবহের পাশাপাশি গানটির দৃশ্যায়নে রয়েছে নানা অ্যাকশন দৃশ্য। শাহরুখ ও দীপিকার প্রেমময় মুহূর্তের সঙ্গে পর্দায় উঠে এসেছে সংঘাত, উত্তেজনা ও লড়াইয়ের দৃশ্য। শত্রুদের সঙ্গে হাতাহাতি ও গোলাগুলিতে জড়াতে দেখা যায় শাহরুখকে।
গানের শেষ দিকে শাহরুখের সংলাপও দর্শকদের নজর কেড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আর এবার হৃদয়ে আগুন লেগেছে, তাই পৃথিবী না পুড়িয়ে সে থামবে না।’ সংলাপটি সিনেমার গল্পে চরিত্রটির আবেগ, ক্ষোভ ও প্রতিশোধের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
শাহরুখের জন্মদিনে প্রকাশিত গানটি ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবেই দেখছেন অনুরাগীরা। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘ভালোবাসার এই সময় শুধু ভাগ্যবানদের জন্য। যেখানে বারুদের গন্ধের মাঝেও গোলাপ ফোটে। ভালোবাসা আর অন্য সব লড়াই নিয়ে… এ ডিসেম্বরে।’
গানটি প্রকাশের পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের পর্দার রসায়নের প্রশংসা করেছেন। তাদের মতে, এই জুটির রোমান্টিক উপস্থিতি গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে কেউ কেউ মনে করছেন, গানটির অ্যাকশন ও দৃশ্যায়নে শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর প্রভাব রয়েছে।
তবে গানটির সঙ্গে যুক্ত শিল্পীদের নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর একসঙ্গে কণ্ঠ দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘এক ফ্রেমে এড শিরান, শাহরুখ, দীপিকা ও অরিজিৎ সিং—এটি শুধু একটি যৌথ আয়োজন নয়, বড় হিট গানের রেসিপি।’
আরেক ভক্ত লিখেছেন, ‘কিং সব সময়ই কিং।’ কেউ কেউ আবার এড শিরান ও অরিজিৎ সিংয়ের একসঙ্গে গান করার বিষয়টিকে বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক সংগীতজগতের পরিচিত কণ্ঠ এড শিরানের সঙ্গে ভারতীয় সংগীতের জনপ্রিয় দুই শিল্পীর অংশগ্রহণ গানটিকে আলাদা মাত্রা দিয়েছে বলে মনে করছেন শ্রোতারা।
গানটির সঙ্গে যুক্ত দুই শিল্পী অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী দুজনই বাঙালি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম অরিজিৎ সিংয়ের। অন্যদিকে মধুবন্তী বাগচীর জন্ম পশ্চিমবঙ্গের বালুরঘাটে। বাংলা ও হিন্দি—দুই ভাষার গানেই পরিচিতি রয়েছে তার। বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছেও মধুবন্তী পরিচিত মুখ। তিনি কোক স্টুডিও বাংলায় গান করেছেন।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে ষষ্ঠবারের মতো একসঙ্গে দেখা যাবে। এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এ জুটি বেঁধেছিলেন তারা। নতুন সিনেমাটিতেও এই জুটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা অনেক।
‘কিং’ সিনেমায় শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন অভিষেক বচ্চন ও সুহানা খান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রানি মুখার্জি, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত।
রোমান্স, অ্যাকশন ও তারকাবহুল আয়োজন নিয়ে নির্মিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির প্রথম গান প্রকাশের পর থেকেই শাহরুখভক্তদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে।

