| Your Ads Here 100x100 |
|---|
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গত তিনটি জাতীয় নির্বাচনে দেশের মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। কখনো রাতের আঁধারে ভোট, কখনো প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন, আবার কখনো ভুয়া ব্যালটের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, প্রায় ১৫ বছর ধরে দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে অবৈধভাবে ক্ষমতা ভোগ করা হয়েছে। নিজেদের নির্বাচিত ঘোষণা করে জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে এবং দেশকে অন্যের কাছে তুলে দেওয়ার চেষ্টা হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ঐতিহাসিক ভূমিকার ফলেই দেশ নতুন এক সময়ে প্রবেশ করেছে, যেখানে মানুষ আবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগ কোনোভাবেই নষ্ট করা যাবে না।
আইন উপদেষ্টা বলেন, আগে সরকার কে হবে তা ঠিক করতেন শেখ হাসিনা, এখন সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।
তিনি সতর্ক করে বলেন, কেউ যদি অন্যের ভোটাধিকার হরণ করে বা ভোট দিতে বাধা দেয়, তবে সে নিজেই ফ্যাসিবাদের পথে হাঁটবে।
ড. আসিফ নজরুল জানান, আসন্ন নির্বাচনে দুটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে—প্রথমবারের মতো প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে জনগণের মতামত নেওয়া হচ্ছে। বৈষম্য, নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি কোনো দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে আয়োজিত গণভোট।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদত হোসেন, নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

