একনাগাড়ে বাড়ার পর টানা দ্বিতীয় দিনের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। শনিবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমানো হয়েছে। এতে এই মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার এ তথ্য জানায়। এর আগে শুক্রবারও ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দিনে এই মানের স্বর্ণের দাম মোট ৩০ হাজার ৩৮৪ টাকা কমেছে।
তবে এর আগে গত বৃহস্পতিবার দেশে স্বর্ণের দামে বড় উল্লম্ফন দেখা যায়। সেদিন ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় দুই লাখ ৮৬ হাজার টাকা, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
স্বর্ণের দাম কমার বিষয়ে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দাম হ্রাসের পাশাপাশি বিশ্ববাজারে স্বর্ণের দর বড় ধরনের পতন হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১৪ হাজার ৯৮৮ টাকা কমে দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ভরিতে ১২ হাজার ৮৮৮ টাকা, যা বর্তমানে দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমে হয়েছে এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
রুপার দামও কমেছে
স্বর্ণের পাশাপাশি শনিবার রুপার দামও কমানো হয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ও ২১ ক্যারেট রুপার দাম ভরিতে ৪৬৭ টাকা করে কমেছে। এতে ২২ ক্যারেট রুপার দাম দাঁড়িয়েছে সাত হাজার ২৯০ টাকা এবং ২১ ক্যারেটের দাম ছয় হাজার ৯৪০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেট রুপার দাম ভরিতে ৪০৮ টাকা কমে হয়েছে পাঁচ হাজার ৯৪৯ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমে দাঁড়িয়েছে চার হাজার ৪৩২ টাকা।