| Your Ads Here 100x100 |
|---|
মেটার প্রধান মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৩ জুলাই প্রকাশিত একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহারের সুপারিশ করা হবে। পাশাপাশি, জাকারবার্গের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় আনা হতে পারে।
বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি ঘটনাটিকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, ‘সেফ হারবার’ সুবিধা প্রত্যাহার হলে কেন্দ্র সরকারের অনুমোদন সাপেক্ষে মেটার কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়েরের পথ আরও সহজ হবে।
প্রধানমন্ত্রী মোদির প্রশ্নপত্র ফাঁস নিয়ে তরুণদের উদ্দেশে প্রকাশিত প্রথম সেলফি ভিডিওটি মেটা সাময়িকভাবে সীমাবদ্ধ করেছিল। পরে ব্যাপক সমালোচনার মুখে ভিডিওটি পুনরায় চালু করা হয়। চলতি সপ্তাহের শুরুতে কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে মেটা দুঃখ প্রকাশ করলেও ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেই ব্যাখ্যাকে সন্তোষজনক বলে মনে করেনি।
এদিকে, শিশু যৌন নিপীড়নসংক্রান্ত কনটেন্ট প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে কঠোর সতর্কবার্তা দিয়েছে সংসদীয় কমিটি। গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটকে জানানো হয়েছে, এ-সংক্রান্ত আইন লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য তুলে ধরে নিশিকান্ত দুবে বলেন, শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারীদের অশ্লীল ছবি বা ভিডিও তৈরিকে তিনি জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সব সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রচলিত আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

