31 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সাফল্য অনেকাংশেই এনবিআরের কার্যক্রমের ওপর নির্ভরশীল। তাই এই সম্মেলনকে তিনি শুধু আনুষ্ঠানিক আয়োজন হিসেবে দেখছেন না; বরং ভবিষ্যতে রাজস্ব ব্যবস্থাপনায় আরও সাফল্যের দিকনির্দেশনা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের পুনর্গঠনে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজ করার সুযোগ তৈরি করা হবে।
দীর্ঘদিনের শাসন-শোষণের প্রভাব দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো এনবিআরেও পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, নিয়মনীতি উপেক্ষা করে ব্যক্তি বা দলীয় স্বার্থে পৃষ্ঠপোষকতা, পক্ষপাতমূলক আচরণ এবং রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এনবিআরকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে। জনগণ ও করদাতারা এখন একটি নির্ভরযোগ্য ও আস্থাভাজন রাজস্ব প্রতিষ্ঠান প্রত্যাশা করছে। দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমেই সেই আস্থা পুনর্গঠন সম্ভব।
এনবিআরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, করদাতাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব কর্মকর্তাদেরই নিতে হবে। সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিদেশি সহায়তা ও ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার বিরোধিতা করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বাড়তি বোঝা চাপিয়ে না দিয়ে দেশের অভ্যন্তরীণ আয়ের উৎস বাড়াতে হবে।
তিনি বলেন, আয় ও রাজস্বের ক্ষেত্র সম্প্রসারণে সরকার গণমুখী উৎপাদন নীতি গ্রহণ করেছে। এর ফলে দেশে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন বাড়বে, মানুষের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে। পাশাপাশি জনগণ আরও উন্নত সরকারি সেবা পাবে। এ প্রক্রিয়ায় এনবিআরকে আরও দক্ষ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে এ রাজস্ব সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও বক্তব্য দেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: ওয়ার্নারকে জরিমানা, গাড়িতে বসাতে হবে অ্যালকোহল শনাক্তকারী ডিভাইস

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকারের পর শাস্তি পেলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনির একটি আদালত তাকে...