বলিউডে অনুরাগ কাশ্যপের ব্যক্তিজীবন নিয়ে আলোচনা নতুন নয়। দুই দফা বিবাহবিচ্ছেদের পর এবার তার জীবনে নতুন করে আলোচনায় এসেছে প্রেম। নিজের চেয়ে প্রায় ২০ বছরের ছোট শুভ্রা শেট্টির সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চায় রয়েছেন এই পরিচালক, প্রযোজক, লেখক ও অভিনেতা।
বয়সের বড় ব্যবধানের কারণে সম্পর্কের শুরুতে নানা ধরনের মন্তব্য ও সমালোচনার মুখে পড়তে হয়েছে দুজনকেই। তবে এসব বিষয় এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন অনুরাগ। তার ভাষায়, দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে সচেতন এবং বয়সের ব্যবধানের বিষয়টি তারা বুঝেশুনেই সামলান।
সম্প্রতি এক যৌথ সাক্ষাৎকারে সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন অনুরাগ ও শুভ্রা। সেখানে পরিচালক জানান, শুভ্রা বিয়েতে খুব একটা বিশ্বাসী নন। তবে বিয়ের আনুষ্ঠানিকতার বাইরে তার সঙ্গে জীবন কাটাতেই বেশি আগ্রহী অনুরাগ। বর্তমানে এই সম্পর্কেই তিনি বেশ সুখী বলেও জানান।
জীবনের বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গে বদলেছে অনুরাগের দৃষ্টিভঙ্গিও। একসময় জীবন ও মৃত্যুকে নিয়ে যে ধরনের নির্ভার মনোভাব ছিল, এখন সেখানে এসেছে অনেক বেশি সচেতনতা। শুভ্রার সঙ্গে সম্পর্কের পর জীবনকে আরও গভীরভাবে উপভোগ করতে চান তিনি।
শুভ্রাও জানান, সম্পর্কের শুরুর দিকে অনুরাগকে অনেক বেশি আবেগপ্রবণ হতে দেখেছেন তিনি। এমনকি শুভ্রার সঙ্গে পরিচয়ের আগে পরিচালকের মধ্যে মৃত্যুকে ঘিরে তেমন ভয় কাজ করত না। কিন্তু সম্পর্ক গভীর হওয়ার পর প্রিয় মানুষকে হারানোর ভয় এবং নিজের বেঁচে থাকার ইচ্ছা দুটিই তার মধ্যে বেড়েছে।
শুভ্রা একসময় অনুরাগের প্রোডাকশন হাউসে সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। পেশাগত সম্পর্ক থেকেই ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। ২০১৫ সাল থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, আর ২০১৮ সালের দিকে সেই সম্পর্ক প্রকাশ্যে আসে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একাধিক ফিল্মফেয়ার পুরস্কারজয়ী অনুরাগ কাশ্যপের ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিজীবনও বরাবরই দর্শক-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে। বয়সের ব্যবধান ও অতীতের সম্পর্কের নানা অধ্যায় পেরিয়ে শুভ্রার সঙ্গে তার বর্তমান সম্পর্ক এখন নতুন করে আলোচনায়।