| Your Ads Here 100x100 |
|---|
গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুনে একটি মসজিদ, তুলার গুদাম ও বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বাজারের একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে। আশপাশে ঝুট, তুলা ও বিভিন্ন ধরনের দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ে একাধিক স্থাপনায়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে বেশ কয়েকটি স্থাপনা পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম, তুলার গুদাম, একটি মসজিদ, একটি স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান এবং একটি ভাঙারির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে এসব স্থাপনার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল করিম জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন কীভাবে লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

