| Your Ads Here 100x100 |
|---|
বক্স অফিসে কোনো সিনেমা দারুণ সাফল্য পেলে সাধারণত তারকাদের হাতে নতুন কাজের প্রস্তাব আসতে থাকে। বাড়ে পারিশ্রমিকও। তবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। ‘স্ত্রী ২’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর একের পর এক সিনেমার প্রস্তাব পেলেও তাড়াহুড়ো করে কোনো কাজে যুক্ত হননি তিনি। বরং নিজের পছন্দের গল্পের অপেক্ষায় একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
‘স্ত্রী ২’-এর সাফল্যের পর শ্রদ্ধার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। নির্মাতাদের কাছ থেকে যেমন নতুন কাজের প্রস্তাব আসতে থাকে, তেমনি ছিল আকর্ষণীয় পারিশ্রমিকের আশ্বাস। কিন্তু অর্থ কিংবা কাজের সুযোগের চেয়ে নিজের পছন্দ ও গল্পের মানকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের ক্যারিয়ারের এই অভিজ্ঞতা তুলে ধরেন শ্রদ্ধা কাপুর। সেখানে এক ভক্ত অভিনেত্রীর কাছে জানতে চান, তরুণীদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে তিনি কী ধরনের পরামর্শ দিতে চান।
এর উত্তরে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শ্রদ্ধা জানান, ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর অনেক সিনেমার প্রস্তাব পেয়েছিলেন তিনি। এসব প্রস্তাবের সঙ্গে ছিল ভালো পারিশ্রমিকের সুযোগও। কিন্তু নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছিলেন, পছন্দসই গল্প না পাওয়া পর্যন্ত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না।
শ্রদ্ধা বলেন, ‘আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলব, “স্ত্রী ২”-এর পর আমাকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভালো পারিশ্রমিকের প্রস্তাবও পেয়েছি। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম, নিখুঁত একটি গল্প না পাওয়া পর্যন্ত কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হব না। আমার মন বলেছিল, এই ধৈর্য আমাকে ধরে রাখতে হবে। আমি সেটাই করেছি।’
অভিনেত্রী জানান, পছন্দের কাজের জন্য অপেক্ষা করার সময়টা মোটেও সহজ ছিল না। একের পর এক প্রস্তাব আসার পরও সেগুলো ফিরিয়ে দেওয়া এবং নিজের সিদ্ধান্তে অটল থাকা ছিল বেশ কঠিন। তবে সেই কঠিন সময়েও নিজের বিশ্বাস থেকে সরে আসেননি তিনি।
শ্রদ্ধার মতে, কোনো কিছু মন থেকে চাইলে তার জন্য অপেক্ষা করাটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে নতুন কাজের সুযোগ হাতছাড়া করার সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবু নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার সুফল এখন অনুভব করছেন তিনি।
তরুণীদের উদ্দেশে শ্রদ্ধা বলেন, ‘আপনি মন থেকে কোনো কিছু চাইলে সেটার জন্য অপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। কিন্তু এখন মনে হয়, অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। তাই বলব, নিজের মনের কথা শুনুন। কখনো কখনো পথটা কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা সার্থক হয়।’
শ্রদ্ধা কাপুরের এই অভিজ্ঞতা থেকে স্পষ্ট, ক্যারিয়ারে সাফল্য ধরে রাখতে শুধু কাজের সুযোগ কিংবা অর্থের দিকে তাকিয়ে থাকলেই হয় না। নিজের পছন্দ, ধৈর্য ও সঠিক সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণদের জন্য নিজের লক্ষ্যে স্থির থাকার বার্তাই দিয়েছেন এই অভিনেত্রী।

