সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় দূতাবাস অভিমুখে আধিপত্যবাদবিরোধী মার্চ কর্মসূচি পালন করেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর বাঁশতলা এলাকায় প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে এই মার্চ কর্মসূচি শুরু হয়। ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হলে বাঁশতলায় পৌঁছামাত্র পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
সরেজমিনে দেখা যায়, ব্যারিকেডে আটকে পড়ার পর এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখর করে তোলেন। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘কাঁটাতারের ফেলানী, আমরা তোমাকে ভুলিনি’সহ একাধিক স্লোগান দেন।
এছাড়া ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ইন্ডিয়া নো মোর’, ‘এক-দুই-তিন-চার, ইন্ডিয়া তুই হুঁশিয়ার’ এবং ‘ভারতের গোলামি চলবে না, চলবে না’—এমন স্লোগানও দিতে দেখা যায় কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের।
পুলিশের ব্যারিকেডের কারণে মার্চটি ভারতীয় দূতাবাস পর্যন্ত পৌঁছাতে না পারলেও কিছুক্ষণ সেখানে অবস্থান করে প্রতিবাদ জানান তারা। কর্মসূচি ঘিরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।