34 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

জকসুর নেতৃত্বেও ছাত্রশিবির

জনপ্রিয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার জবিতেও স্পষ্ট আধিপত্য দেখিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। কেন্দ্রীয় ২১টি পদের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্রার্থীরা।
ঘোষিত ফলাফলে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ভিপি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন আব্দুল আলিম আরিফ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন মাসুদ রানা। বুধবার রাত ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া, ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম এবং সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাতটি নির্বাহী সদস্য পদেও জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা।
অন্যদিকে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল মাত্র তিনটি পদে জয়লাভ করেছে। এসব পদে নির্বাচিত হয়েছেন সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব এবং পরিবহন সম্পাদক মাহিদ হাসান।
শীর্ষ তিন পদে ভোটের ব্যবধানও ছিল উল্লেখযোগ্য। ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। জিএস পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পান আব্দুল আলিম আরিফ। তিনি ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হন, বিপরীতে ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট এবং ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।
গত মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও একটি হলসহ মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর ভোট গণনা শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে একাধিকবার তা স্থগিত রাখতে হয়। পরে পুনরায় গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
এদিকে হল সংসদ নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদে ১৩টি পদের মধ্যে ১০টিতে জয় পেয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। সেখানে ভিপি নির্বাচিত হয়েছেন জান্নাতুল উম্মি তারিন, জিএস সুমাইয়া তাবাসসুম এবং এজিএস পদে রেদওয়ানা খাওলা।
ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় ভিপি নির্বাচিত রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনের প্রতিফলনই এই বিজয়। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তিনি। জিএস আব্দুল আলিম আরিফ বলেন, নির্বাচন ছিল অবাধ ও সুষ্ঠু।
- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...