রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একই পরিবারের তিনজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার চিওড়া কাজীবাড়ি পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
নিহতরা হলেন—চিওড়া কাজী বাড়ির কাজী খোরশেদ আলমের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছরের একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশান।
পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই বছর আগে আকস্মিক অসুস্থতায় ফজলে রাব্বির প্রথম স্ত্রী তিথীর মৃত্যু হয়। দীর্ঘ শোক কাটিয়ে পরিবারের অনুরোধে তিনি তিথীর বান্ধবী আফরোজা সুবর্ণাকে বিয়ে করেন। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান রিশান।
প্রতিদিন কর্মস্থলে যাওয়ার সময় রিশানকে উত্তরায় নানুর বাসায় রেখে যেতেন ফজলে রাব্বি। তবে শুক্রবার ছুটির দিন থাকায় পুরো পরিবার বাসায়ই অবস্থান করছিল। এ সময় ভবনে অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত আফরোজার বোন আফরিন জাহান জানান, আফরোজাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, তারা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। তাদের শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ফুফাতো ভাই কাজী শহীদ বলেন, “দুই মাস আগে ফজলে রাব্বি স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়িতে এসে দুদিন ছিলেন। আজ একসঙ্গে তিনজনের মরদেহ বাড়িতে এসেছে—এটা মেনে নেওয়া খুব কষ্টের।”
উল্লেখ্য, শুক্রবার সকাল ৮টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয়।