আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ও উদ্বেগজনক ঘটনা। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। তাঁর এমন উপস্থিতি শ্রীপুর উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শ্রীপুর উপজেলার মাওনা ও গাজীপুর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় প্রচারণা চালাতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, ‘ঘোড়া’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ইজাদুর রহমান মিলন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দেন। তবে তাঁর শরীরে পরিহিত নিরাপত্তা জ্যাকেট উপস্থিত সবার নজর কাড়ে।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অধ্যক্ষ মিলন জানান, নির্বাচনী মাঠে নামার পর থেকেই তিনি বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন। তিনি বলেন, “প্রচারণা শুরুর পর থেকে মোবাইল ফোনে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছি। বর্তমান পরিস্থিতিতে নিজেকে নিরাপদ মনে না হওয়ায় বাধ্য হয়েই বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণা চালাচ্ছি।”
একজন প্রার্থীর এমন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ শ্রীপুরের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, এই ঘটনা নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। নির্বাচন চলাকালে একজন প্রার্থীর প্রকাশ্যে জীবননাশের আশঙ্কা প্রকাশ করা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়েও নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে বলে মত সচেতন মহলের।
নির্বাচনী মৌসুমে এ ধরনের ঘটনা গাজীপুর-৩ আসনের রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।