জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা।
রোববার (২৫ জানুয়ারি) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি, সংশোধিত ৬টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৫টি প্রকল্পের।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম শহরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সংশোধন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে শক্তিবৃদ্ধিকরণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্যানিটেশনে নারী উদ্যোক্তা সৃষ্টি, বিভিন্ন স্থানে পুলিশ স্থাপনা নির্মাণ, রেলপথ সম্প্রসারণ, যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং বিদ্যালয় বহির্ভূত শিশুদের বিকল্প শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া স্বাস্থ্য খাতে বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল নির্মাণ, কৃষি খাতে ছোট কৃষকদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের নদী ভাঙন রোধ ও ড্রেজিংসহ ৬টি প্রকল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় আরও জানানো হয়, একনেক চেয়ারপার্সনের ক্ষমতাবলে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প একনেক সভাকে অবহিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে সরকারি কলেজ উন্নয়ন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো শক্তিশালীকরণ, ফায়ার সার্ভিস ও র্যাবের সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যুৎ কেন্দ্র ও সড়ক উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত।
সরকার আশা করছে, অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে।