স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি। আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ। বাবার মরদেহ ঢাকায় রেখে মায়ের প্যারোলে মুক্তির জন্য বুধবার সকাল থেকেই মুন্সীগঞ্জে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তিনি।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে দীপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে দুপুর পৌনে ২টার দিকে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদন দেওয়ার পর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।
বর্তমানে দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারোলে মুক্তির আবেদন পেলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
দীপু মনি প্যারোলে মুক্ত হওয়ার পর তৌফিক নেওয়াজের মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।