| Your Ads Here 100x100 |
|---|
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে নজর কাড়ছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মাহি। প্রতিযোগিতার বিভিন্ন আয়োজনে তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও নজরকাড়া সাজ ইতোমধ্যে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।
ইতোমধ্যে শুরু হয়েছে মূল প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। গ্র্যান্ড ফিনালেতে পৌঁছাতে প্রতিযোগীদের অংশ নিতে হচ্ছে নানা ধাপের আয়োজনে। প্রতিযোগিতার শুরু থেকেই নিজের পোশাক, ব্যক্তিত্ব ও উপস্থাপনার মাধ্যমে আলাদা করে নজর কাড়ছেন মাহি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন ফটোশুটের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন তিনি। সম্প্রতি সমুদ্রপাড়ের মনোরম পরিবেশে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন মাহি। ছবিতে তাকে দেখা গেছে উজ্জ্বল হলুদ রঙের একটি আকর্ষণীয় গাউনে।
ফ্লোর-টাচ এই গাউনটির নকশায় রয়েছে ফুলহাতা এবং কোমরের অংশে পাথরের কারুকাজ। পোশাকের সঙ্গে সাদা রঙের একটি স্যাশ পরেছেন তিনি, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘বাংলাদেশ’। পুরো সাজে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের বিষয়টি ফুটে উঠেছে।
তবে এবারের ছবিতে শুধু একা নন, মাহির সঙ্গে দেখা গেছে আরও চার দেশের সুন্দরীদের। তারা হলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন। প্রত্যেকেই নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে একটি চমৎকার শুটের ছোট্ট ঝলক! প্রতিটি মুহূর্ত, প্রতিটি ফ্রেম এবং প্রতিটি অভিজ্ঞতাই ভীষণ বিশেষ মনে হচ্ছে। এই সুন্দর যাত্রার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’
এদিকে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও এগিয়ে নিতে শুরু হয়েছে অফিশিয়াল ফ্যান ভোটিং। ভোটের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পাচ্ছেন। এ ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মাহি। তার প্রত্যাশা, দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনে ভোটের লড়াইয়ে বাংলাদেশ ভালো অবস্থানে পৌঁছাবে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাজধানীতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সামিরা খান মাহিকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট পরিয়ে দেওয়া হয়। গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় এই মুকুট তুলে দেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান মাহি।
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। এখন সেই চূড়ান্ত আয়োজনের অপেক্ষায় রয়েছেন প্রতিযোগী ও তাদের সমর্থকেরা। মাহির হাত ধরে এবারের আসরে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা করছেন দেশের সৌন্দর্যপ্রেমী ও ভক্তরা।

