21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

সচিবালয় স্থানান্তর নিয়ে মুখোমুখি সরকার-শেকৃবি শিক্ষার্থীরা, সমাধানের অপেক্ষা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের সিদ্ধান্তে অনড় রয়েছে সরকার। অন্যদিকে, মাঠটি নিজেদের দাবি করে কৃষি গবেষণার স্বার্থে তা বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে সচিবালয় স্থানান্তর নিয়ে বিরোধ আরও জটিল হয়ে উঠেছে।

মাঠের মালিকানা ও ব্যবহার নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, আন্দোলন এবং বিশ্ববিদ্যালয় বন্ধের মতো কর্মসূচি পালন করেছেন। এবার বিষয়টির সমাধানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তনের কোনো ঘোষণা আসেনি। সরকারের অবস্থান, মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী পুরোনো বাণিজ্য মেলার মাঠেই নতুন সচিবালয় নির্মাণ করা হবে। ফলে সরকারের পরিকল্পনা ও বিশ্ববিদ্যালয়ের দাবির মধ্যে সমঝোতা কীভাবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ের কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। অন্যদিকে, জমিটির ঐতিহাসিক ব্যবহার ও মালিকানা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি রয়েছে। জমির পুরোনো দলিল, ভূমি জরিপের নথি এবং সরকারি রেকর্ড যাচাইয়ের মধ্য দিয়ে বিরোধের সমাধান খোঁজার চেষ্টা চলছে।

গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবদুল গনি রোড থেকে সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করা হয়। এ সিদ্ধান্তের পরই প্রতিবাদে আন্দোলনে নামেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তাদের দাবি, মাঠটি কৃষি গবেষণা ও শিক্ষা কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার পরিধি বাড়লেও প্রয়োজনীয় মাঠ ও গবেষণার জায়গার সংকট রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এই জায়গায় সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে সরকারের অবস্থান

নতুন সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত বহাল থাকার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই বহাল রয়েছে। এ নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তাতে সমস্যা নেই জানিয়ে রেজাউল করিম বাদশা বলেন, তারা নিজেদের সুবিধা-অসুবিধার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন। কোনো সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে। তবে সিদ্ধান্তে কোনো পরিবর্তন বা সংযোজন-বিয়োজনের বিষয়টি সরকারের পর্যায়েই নির্ধারিত হবে। কারণ, এটি মন্ত্রিসভার সিদ্ধান্ত।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

সচিবালয় স্থানান্তর নিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চাইলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষার্থীরা চাইছিলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে একটি সিদ্ধান্ত আসুক। পরে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে, সিন্ডিকেটের সদস্য এবং দুই থেকে তিনজন শিক্ষার্থীকে নিয়ে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, তার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি প্রধানমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।

মাঠটি কেন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, তার ব্যাখ্যা দিয়ে প্রক্টর অধ্যাপক আরফান আলী বলেন, জায়গাটি আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের ছিল। এরশাদ সরকারের আমলে বাণিজ্য মেলা আয়োজনের জন্য জায়গাটি নেওয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম চলছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা মাঠটি গবেষণার জন্য যথেষ্ট নয়। এ কারণে শিক্ষার্থীরা পুরোনো মাঠটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।

জমির মালিকানা নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি

পুরোনো বাণিজ্য মেলার মাঠের মালিকানা কার, তা নিয়েই মূলত বিরোধের সূত্রপাত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ঐতিহাসিকভাবে জমিটি কৃষিশিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তির অংশ ছিল। অন্যদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, জমিটি সরকারি সম্পত্তি এবং মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরফান আলী জানান, ১৯২০ সালের গেজেটে জমিটি সম্পর্কে তথ্য পাওয়া যায়। তবে জমির মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র বর্তমানে বিশ্ববিদ্যালয়ের হাতে নেই। এ কারণে বিশ্ববিদ্যালয়ের আইন ও এস্টেট শাখার কর্মকর্তারা সিএস, আরএসসহ বিভিন্ন ভূমি জরিপের নথি সংগ্রহ করছেন।

জমির খাজনা পরিশোধের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ৮৭ একর জমির খাজনা কয়েক বছর ধরে নিয়মিত পরিশোধ করা হচ্ছে। তবে পুরোনো বাণিজ্য মেলার মাঠের জমির জন্য বিশ্ববিদ্যালয় কোনো খাজনা দিচ্ছে না।

অন্যদিকে, এর আগে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান দাবি করেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নয়। মাঠসহ আশপাশের বিভিন্ন স্থাপনা নিয়ে মোট ১৫৭ একর জমি গণপূর্ত মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত রয়েছে। সে অনুযায়ী মন্ত্রণালয় জমিটিকে সরকারি সম্পত্তি হিসেবে বিবেচনা করছে।

ফলে জমিটির অতীত ব্যবহার, বর্তমান মালিকানা এবং সরকারি নথিতে থাকা তথ্য নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছে। এসব নথি ও ভূমি রেকর্ড যাচাইয়ের পরই জমিটির আইনগত মালিকানা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে।

নতুন সচিবালয়ে ১৪টি ভবন নির্মাণের পরিকল্পনা

সরকারের পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জায়গায় নতুন সচিবালয় নির্মাণ করা হবে। এ প্রকল্পের আওতায় তিনটি বেজমেন্টসহ ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন নির্মাণের প্রস্তাব রয়েছে।

পরিকল্পিত ভবনগুলোর মোট আয়তন হবে প্রায় ৩৩ দশমিক ১৬ লাখ বর্গফুট। পাশাপাশি প্রায় ৩ হাজার ৮০০টি গাড়ি রাখার জন্য পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের সুবিধার জন্য মসজিদ, বহুমুখী হল, ক্যাফেটেরিয়া এবং প্রয়োজনীয় অন্যান্য নাগরিক সুবিধাও রাখা হবে। প্রকল্প এলাকার একটি অংশ সবুজায়ন ও জলাধারের জন্য নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

বর্তমানে রাজধানীর আবদুল গনি রোডে ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর বাংলাদেশ সচিবালয়ের ১৩টি ভবন রয়েছে। এসব ভবনের মধ্যে আটটি স্বাধীনতার আগে নির্মিত। পুরোনো ভবনগুলোর ভূমিকম্পঝুঁকি, পর্যাপ্ত জায়গার অভাব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা হচ্ছে বলে মনে করছে সরকার।

এসব সমস্যা সমাধান এবং প্রশাসনিক কার্যক্রমকে একটি জায়গায় নিয়ে আসার লক্ষ্যেই নতুন সচিবালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে নতুন সচিবালয়ের ধারণাগত নকশা অনুমোদন করা হলেও এখনো পূর্ণাঙ্গ প্রকৌশল নকশা তৈরি এবং প্রকল্পের মোট ব্যয় নির্ধারণের কাজ শেষ হয়নি। মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণার সময়ও এ বিষয়গুলো বাকি থাকার কথা জানানো হয়েছিল।

সব মিলিয়ে নতুন সচিবালয় নির্মাণের সরকারি পরিকল্পনা এবং কৃষি গবেষণার স্বার্থে মাঠটি ফিরে পাওয়ার বিশ্ববিদ্যালয়ের দাবির মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি। একদিকে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের অবস্থান, অন্যদিকে জমির মালিকানা ও গবেষণার প্রয়োজনীয়তার যুক্তিতে শিক্ষার্থীদের আন্দোলন—দুইয়ের মধ্যে সমাধানের পথ এখন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনার বিলম্ব মার্জনার সুযোগ নেই, বিশেষ আইনে বিধান রাখা হয়নি: আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল বিভাগে বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো....