| Your Ads Here 100x100 |
|---|
ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১ থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার সময় সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজন শ্রমিককে আটকও করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা বিভিন্ন দাবিতে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হতে থাকেন।
মিরপুর-১০ এলাকায় পৌঁছে শ্রমিকরা সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।
তবে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রমিকরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশের এ পদক্ষেপের পর শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও মিরপুর-১০ নম্বরের মধ্যবর্তী এলাকার বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেন। পরে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন সড়ক ও অলিগলিতে অবস্থান নেন পুলিশ সদস্যরা।
এ সময় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে মিরপুর-১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করা হয়।
তিনি বলেন, শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য পুলিশ একাধিকবার অনুরোধ জানায়। কিন্তু তারা পুলিশের কথা না শুনে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।
এ অবস্থায় সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয় বলে জানান তিনি। এ ঘটনায় অস্থিরতা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।
এদিকে, একই দাবিতে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকাতেও সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিংও করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে মিরপুরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানিয়েছে, সড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

