22 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে এটি এখনো আনুষ্ঠানিক বিদ্যুৎ সরবরাহ নয়। প্রাথমিকভাবে কয়েক ঘণ্টার জন্য পরীক্ষামূলকভাবে কেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছে।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রীর উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত পরিচালনব্যবস্থা ঠিকভাবে কাজ করছে কি না, তা পরীক্ষা করা হবে।

একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা, গ্রিডের সক্ষমতা এবং বিভিন্ন যন্ত্রের মধ্যে সমন্বয় পর্যবেক্ষণ করবেন প্রকৌশলী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। পরীক্ষার সময় কোনো ধরনের কারিগরি সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

প্রাথমিক পরীক্ষা শেষ হলে বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রাখা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। দ্বিতীয় দফায় সংযোগের সময় বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইনসহ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। এসব যন্ত্রপাতি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে।

এখন জাতীয় গ্রিডের সঙ্গে পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ গ্রহণের সক্ষমতা যাচাই করা হচ্ছে। বিশেষ করে গ্রিডের বিদ্যুৎ প্রবাহের কম্পাঙ্ক, সরবরাহের স্থিতিশীলতা এবং কেন্দ্রের যন্ত্রপাতির সঙ্গে জাতীয় গ্রিডের সমন্বয় ঠিক আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হলে চলতি মাসের ২১ নভেম্বর অথবা মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৩ সালের ২ অক্টোবর। ওই দিন প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

পরবর্তী সময়ে ২০১৭ সালের ৩০ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের মূল স্থাপনার প্রথম কংক্রিট ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে কেন্দ্রটির মূল নির্মাণকাজ শুরু হয়।

রাশিয়ার সহযোগিতায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে বড় পরিমাণে বিদ্যুৎ যুক্ত হবে। এতে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতাও নতুন মাত্রা পাবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র...