| Your Ads Here 100x100 |
|---|
বছরের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছানো স্বর্ণের দাম এখন বড় ধরনের পতনের মুখে পড়েছে। বিশ্ববাজারে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যবান এই ধাতুর দাম। ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসা, শক্তিশালী মার্কিন ডলার এবং সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়াসহ বিভিন্ন কারণে স্বর্ণের বাজারে এই দরপতন দেখা দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৩ হাজার ৮৩৩ ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের ২ অক্টোবরের পর এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম। চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৬৩৪ ডলারে উঠেছিল। সেই রেকর্ড অবস্থান থেকে এখন দাম প্রায় ৩২ শতাংশ কমে গেছে।
গত বছর থেকেই স্বর্ণের বাজারে বড় ধরনের উত্থান শুরু হয়। ২০২৫ সালের মার্চে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ডলার ছাড়িয়ে যায়। এরপর মাত্র সাত মাসের ব্যবধানে দাম ৪ হাজার ডলারের সীমা অতিক্রম করে। চলতি বছরের জানুয়ারিতে তা ৫ হাজার ডলারের ওপরে উঠে নতুন রেকর্ড গড়ে।
তবে মার্চের মাঝামাঝি থেকে বাজারে স্বর্ণ বিক্রির প্রবণতা বাড়তে থাকে। ওই সময় ইরান যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়তে শুরু করে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিভিন্ন পণ্যের দাম বেড়ে বিশ্বের অনেক দেশে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর দিকে ঝুঁকে পড়ে। সুদের হার বাড়লে স্বর্ণের মতো সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ স্বর্ণ থেকে নিয়মিত সুদ বা আয় পাওয়া যায় না। অন্যদিকে নগদ অর্থ, বন্ড কিংবা সুদভিত্তিক বিনিয়োগে তুলনামূলক নিশ্চিত আয় পাওয়ার সুযোগ থাকে।
বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম কমার পেছনে ডলারের শক্তিশালী অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন ডলার শক্তিশালী হলে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের জন্য ডলারে কেনা স্বর্ণ তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে স্বর্ণের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি দামেও চাপ তৈরি হয়।
আইজি প্রতিষ্ঠানের প্রধান কারিগরি বিশ্লেষক অ্যাক্সেল রুডলফ বলেন, শেয়ারবাজার কিংবা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হলে বিনিয়োগকারীরা সাধারণত নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকেন। তবে গত দুই বছরে স্বর্ণের দাম যেভাবে দ্রুত বেড়েছে, তাতে এখন এর মূল্য কোথায় স্থিতিশীল হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তিনি বলেন, বছরের শুরুতে নিরাপত্তার কথা বিবেচনা করে বিনিয়োগকারীরা স্বর্ণসহ বিভিন্ন প্রতিরক্ষামূলক সম্পদে বিনিয়োগ বাড়িয়েছিলেন। এসব বিনিয়োগের কারণে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। কিন্তু এখন অনেক বিনিয়োগকারী সেই অবস্থান থেকে সরে আসছেন।
শক্তিশালী মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের উচ্চ মুনাফা এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার শিগগির কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় স্বর্ণের বাজারে বিক্রির চাপ বেড়েছে। ফলে দাম আরও নিচের দিকে নেমেছে।
এ ছাড়া বিভিন্ন অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাও কিছুটা কমেছে। দীর্ঘ সময় ধরে দাম বাড়ার পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও সাম্প্রতিক দরপতনকে ত্বরান্বিত করেছে।
বিশ্লেষকদের ধারণা, স্বর্ণের এই পতনকে শুধু সাময়িক মূল্য সংশোধন হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘ সময় ধরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর বাজারে বড় ধরনের পরিবর্তন বা সংশোধন শুরু হয়েছে। তবে ভবিষ্যতে স্বর্ণের দাম কোন দিকে যাবে, তা নির্ভর করবে বৈশ্বিক অর্থনীতি, সুদের হার, ডলারের অবস্থান এবং ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর।
স্বর্ণের পাশাপাশি একই সময়ে বিটকয়েনের বাজারেও বড় ধরনের দরপতন দেখা যাচ্ছে। গত এক বছরে বিটকয়েনের দাম কমেছে ৩১ দশমিক ৭ শতাংশ। আর ২০২৬ সালের শুরু থেকে কমেছে ২৬ শতাংশ।
বর্তমানে বিটকয়েনের দাম প্রায় ৬৪ হাজার ৩০০ ডলার। ২০২৫ সালের শরৎকালে এর দাম সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ডলারে উঠেছিল। সেই রেকর্ড দাম থেকে বর্তমানে প্রায় অর্ধেক মূল্য হারিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সি।
বিটকয়েনের দরপতনের পেছনেও রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা কাজ করছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্য এবং ট্রাম্প প্রশাসনের অধীনে ক্রিপ্টোকারেন্সি খাতে নিয়ন্ত্রণ শিথিল করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়িত না হওয়ার আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
ফলে স্বর্ণ ও বিটকয়েন—উভয় বাজারেই বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বেড়েছে। বিশ্ববাজারে অর্থনৈতিক অনিশ্চয়তা, সুদের হার এবং রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রভাব পড়ছে বিনিয়োগের বিভিন্ন খাতে। দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির পর দুই বাজারেই এখন বড় ধরনের দর সংশোধন চলছে।

