| Your Ads Here 100x100 |
|---|
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বাহিনীর বিশেষ বাহিনীর সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই মহড়ার চূড়ান্ত অনুশীলন সরাসরি প্রত্যক্ষ করবেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সেখানে প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ বাহিনীর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত পর্যায়ের প্রশিক্ষণ অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অংশ নিচ্ছেন।
মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।
প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন পর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন। এ সময় তিনি অনুশীলনস্থলে উপস্থিত তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করবেন।
তিন বাহিনীর বিশেষ বাহিনীর সমন্বয়ে আয়োজিত এই যৌথ মহড়ার মাধ্যমে সামরিক সদস্যদের প্রশিক্ষণ ও পারস্পরিক সমন্বয়ের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
মহড়া ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

