| Your Ads Here 100x100 |
|---|
মঞ্চ কিংবা সংগীতানুষ্ঠান নয়, এবার চলন্ত বিমানের ভেতরেই গানের আসর জমিয়ে যাত্রীদের আনন্দে মাতালেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। মুম্বাইগামী একটি ফ্লাইটে সহযাত্রী হিসেবে তাকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অন্য যাত্রীরা। তাদের অনুরোধে বিমানের ভেতরেই একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন এই গায়ক।
রায়পুরের ওরিয়ানা ফেস্টে সংগীত পরিবেশন শেষে মুম্বাই ফিরছিলেন সনু নিগম। এ সময় বিমানের যাত্রীরা তাকে দেখতে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা সনুর জনপ্রিয় গান গাইতে শুরু করেন। যাত্রীদের কণ্ঠে শোনা যায় তার গাওয়া ‘কাল হো না হো’ ও ‘ম্যায় আগর কহু’সহ বেশ কিছু জনপ্রিয় গান।
যাত্রীদের এমন ভালোবাসা ও উচ্ছ্বাস নিজের মুঠোফোনে ধারণ করেন সনু নিগম। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। ভিডিওর সঙ্গে দেওয়া এক বার্তায় সনু লেখেন, ‘যদি উস্কানি শব্দটির একটি ভালোবাসাপূর্ণ ও সংগীতময় অর্থ থাকত, তাহলে এটি হতো তার নিখুঁত উদাহরণ।’
বিমানের সিট বেল্টের সংকেত বন্ধ হওয়ার পরও যাত্রীদের অনেকেই নিজেদের আসনে বসে ছিলেন। বিষয়টি সনুর নজরে আসে। তার মনে হয়, যাত্রীরা হয়তো আরও কিছুক্ষণ তার গান শোনার অপেক্ষায় রয়েছেন।
এই মুহূর্তের আরেকটি ভিডিও প্রকাশ করে সনু লেখেন, ‘সিট বেল্টের সংকেত বন্ধ হয়ে গেছে, তবু তারা নিজেদের আসনে বসে আছেন। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, তারা শো শুরুর অপেক্ষায় রয়েছেন।’
এরপর আর দেরি করেননি এই সংগীতশিল্পী। বিমানের করিডোরে দাঁড়িয়ে যাত্রীদের অনুরোধে গান গাইতে শুরু করেন তিনি। একে একে পরিবেশন করেন ‘কিসকা হ্যায় তুমকো ইন্তেজার’, ‘ম্যায় হু না’, ‘তুঝে লাগে না নজরিয়া’ ও ‘কাল হো না হো’। তার কণ্ঠে প্রিয় গানগুলো শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।
শুধু তাই নয়, যাত্রীদের বিশেষ অনুরোধে ‘বিজুরিয়া’ এবং ‘হার গাদি বাদল রাহি হ্যায় জিন্দেগি’ গানও পরিবেশন করেন সনু নিগম। বিমানের সাধারণ একটি যাত্রা মুহূর্তেই পরিণত হয় আনন্দঘন সংগীত আয়োজনে। যাত্রীদের কাছে এটি হয়ে ওঠে এক বিরল ও স্মরণীয় অভিজ্ঞতা।
উল্লেখ্য, সনু নিগম ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সংগীতশিল্পী। কয়েক দশকের দীর্ঘ সংগীতজীবনে হিন্দিসহ বিভিন্ন ভারতীয় ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সরাসরি মঞ্চ পরিবেশনাতেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।
সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন সনু নিগম।

