| Your Ads Here 100x100 |
|---|
ডাকসুর সহসভাপতি (ভিপি) ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত আমির। তিনি বলেছেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
রোববার (২২ নভেম্বর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
পোস্টে তিনি লেখেন, রোববার রাত ৩টার পর ডাকসুর জনপ্রিয় ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির এ হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের আহ্বান জানান।
তিনি বলেন, হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, একের পর এক পতিত ফ্যাসিস্টরা বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু এসব ঘটনা প্রতিরোধে সরকারের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।
বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে এ ধরনের ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
জামায়াত আমির সতর্ক করে বলেন, সরকার যদি যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে এর জন্য দেশকে চরম মূল্য দিতে হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় আর নীরব থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

