25 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

ইরানের হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী, সামরিক ঘাঁটিতে আশ্রয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নিজের বিলাসবহুল বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। গত প্রায় দুই সপ্তাহ ধরে তিনি বাড়ির বাইরে নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে একটি সামরিক ঘাঁটিতে বসবাস করছেন বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্কট বেসেন্টের ব্যক্তিগত বাসভবনটি ওয়াশিংটন ডিসির জর্জটাউন এলাকায় অবস্থিত। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে ১ কোটি ২৫ লাখ ডলার দিয়ে বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন তিনি। বাড়িটি কেনার পর মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এর ওপর থেকে তোলা একটি ছবি প্রকাশ করে।

ওই ছবি প্রকাশের পর থেকেই বেসেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি সম্পর্কে অবগত এক নিরাপত্তা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরান বেসেন্টের বাসভবনের অবস্থান শনাক্ত করেছে। এ কারণে তার ব্যক্তিগত নিরাপত্তাঝুঁকি বেড়ে যায়।

এরপরই নিরাপত্তার স্বার্থে অর্থমন্ত্রীকে বাসভবন থেকে সরিয়ে সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। ওই কর্মকর্তা জানান, ইরানের সম্ভাব্য হামলার হুমকি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হুমকি ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

তবে ঠিক কত দিন ধরে স্কট বেসেন্ট সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন কিংবা কোন ঘাঁটিতে তাকে রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি ওই নিরাপত্তা কর্মকর্তা। অন্যদিকে, সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে নিজের বাড়ির বাইরে রয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

এদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন স্কট বেসেন্ট। গত ২৪ আগস্ট শুরু হওয়া এই অভিযানের মূল উদ্দেশ্য হলো নিষেধাজ্ঞা, আর্থিক বিধিনিষেধ ও অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা। সামরিক পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক চাপ বাড়িয়েও দেশটির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে ওয়াশিংটন।

এ পরিস্থিতিতে অর্থমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও দায়িত্ব থেকে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দেয়নি মার্কিন অর্থ বিভাগ।

বিভাগটির এক মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছেন, ইরানের শাসকগোষ্ঠীর হুমকির মুখে স্কট বেসেন্ট পিছু হটবেন না। তিনি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাস্তবায়ন এবং ইরানের ওপর আরোপিত অবরোধ ও নিষেধাজ্ঞা কার্যকর রাখার বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছেন।

মুখপাত্রের দাবি, এসব অর্থনৈতিক পদক্ষেপের সম্মিলিত প্রভাবে ইরানের অর্থনীতি মারাত্মক চাপে পড়ছে এবং দেশটির অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটছে। অন্যদিকে, সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ অর্থনৈতিক নীতিনির্ধারককে নিজ বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে থাকতে হচ্ছে। ফলে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইসরায়েলি দখলদারত্ব ও ইরানের হস্তক্ষেপ বন্ধের আহ্বান লেবাননের প্রেসিডেন্টের

লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের অবসান চান প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন, এই দুই...