| Your Ads Here 100x100 |
|---|
বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে। এবারের বৈঠকে ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এ বৈঠক শুরু হয়। বৈঠকের প্রথম দিনে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে মূলত ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির আওতায় দুই দেশের মধ্যে পানিবণ্টনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি চুক্তির বাস্তবায়ন কতটা কার্যকরভাবে হচ্ছে, তা পর্যালোচনা করা হবে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টনের নিয়ম নির্ধারণ করা হয়। আগামী ১২ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে যৌথ নদী কমিশনের এবারের বৈঠক অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে। বিশেষ করে গঙ্গার পানির ন্যায্য হিস্যা এবং দুই দেশের মধ্যে পানিবণ্টনসংক্রান্ত বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।
তবে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন কিংবা এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার যৌথ নদী কমিশনের যৌথ কমিটির নেই। ফলে এবারের বৈঠকে চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হলেও নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
দুই দিনের এ বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তির পাশাপাশি দুই দেশের নদীসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

