25 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মতবিরোধ, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এ সময় তিনি দুই পক্ষের প্রস্তাবের বিষয়টি তুলে ধরেন।

পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরি করতেই এ সভার আয়োজন করা হয়। বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি নতুন মজুরি কাঠামো নিয়ে চূড়ান্ত সুপারিশ তৈরির বিষয়েও আলোচনা হওয়ার কথা ছিল।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা চলে। সেখানে মালিকপক্ষ শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণে আগ্রহ দেখিয়েছিল।

তবে মঙ্গলবারের চতুর্থ সভায় মালিকপক্ষ তাদের লিখিত প্রস্তাবে সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের কথা জানায়। আগের দিনের তুলনায় প্রস্তাবিত মজুরি ১০০ টাকা কম হওয়ায় বিষয়টি নিয়ে শ্রমিকপক্ষের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

অন্যদিকে, শ্রমিকপক্ষ শুরুতে ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা দাবি করেছিল। পরবর্তী সময়ে আলোচনার ভিত্তিতে সেই দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণ করে তারা। তবে মঙ্গলবারের বৈঠকেও নিজেদের এই প্রস্তাব থেকে সরে আসেনি শ্রমিক প্রতিনিধিরা।

বৈঠকে শ্রমিকপক্ষ মালিকদের দেওয়া ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাবকে অযৌক্তিক বলে মন্তব্য করে। তাদের মতে, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা প্রয়োজন।

এদিকে, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার ব্যবধান রয়েছে। এই বড় ব্যবধানের কারণে দুই পক্ষের মধ্যে সমঝোতা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়।

তবে আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। নিজেদের দেওয়া মজুরি প্রস্তাবগুলো আরও পর্যালোচনা করে পরবর্তী সভায় আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে মালিক ও শ্রমিকপক্ষ। ফলে তৈরি পোশাকশিল্পের লাখো শ্রমিকের নতুন ন্যূনতম মজুরি কত হবে, তা নির্ধারণে আরও অপেক্ষা করতে হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

বিষাক্ত প্রেমকে রোমান্টিকভাবে দেখানোর পক্ষে নন আয়ুষ্মান

প্রেমের সম্পর্কে সন্দেহ, অতিরিক্ত অধিকারবোধ কিংবা সঙ্গীকে নিয়ন্ত্রণ করার প্রবণতাকে অনেক সময় রোমান্টিক আচরণ হিসেবে তুলে ধরা হয়। বিশেষ...