26.5 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ ঘোষণা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত সীমিত সামরিক হামলা চালাতে পারে। এ প্রেক্ষাপটে দুই দেশেই বিমান চলাচলে কড়াকড়ি আরোপসহ সামরিক তৎপরতা বাড়ানো হয়েছে।

ভারতের তরফে বুধবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়। পাল্টা সতর্কতায় পাকিস্তানও তার আকাশপথে দেশি-বিদেশি ফ্লাইটের ওপর নজরদারি জোরদার করেছে। দেশটির গিলগিট ও স্কারদু এলাকার ফ্লাইট বাতিল করা হয়েছে, বাড়ানো হয়েছে বিমানবন্দর নিরাপত্তাও।

কাশ্মীর সীমান্তে টানা ছয় রাত ধরে চলছে গোলাগুলি। দুই দেশই একে অপরকে দোষারোপ করছে। এর মধ্যে ভারতীয় রাফায়েল যুদ্ধবিমানের টহলের সময় পাকিস্তানি যুদ্ধবিমান তাদের ধাওয়া দেয় বলে দাবি করেছে ইসলামাবাদ।

আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনও একই বার্তা দিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা বিষয়ক কেবিনেট কমিটির (সিসিএস) একাধিক বৈঠকে অংশ নিয়েছেন। সিসিএস ইতিমধ্যে সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ বেশ কিছু কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বলছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং তারা আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইসলামাবাদ থেকে জানানো হয়েছে, তারা ভারতের বিরুদ্ধে সব ধরনের আক্রমণের উপযুক্ত জবাব দেবে। পাকিস্তানের তথ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, কোনো সামরিক আগ্রাসন হলে পাকিস্তান ‘সুচিন্তিত ও নিশ্চিত’ প্রতিক্রিয়া জানাবে।

আভ্যন্তরীণভাবে পাকিস্তানে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন পিটিআই নেতা ইমরান খান। কারাবন্দি অবস্থায় তিনি বলেন, ‘মোদির আগ্রাসনের’ মোকাবেলায় দল-মত নির্বিশেষে একজোট হতে হবে। সিনেটে ইমরান খানের মুক্তি ও সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারত-প্রশিক্ষিত এক সন্দেহভাজনকে আটক করে তার কাছ থেকে ভারতীয় ড্রোন, আইইডি ও রুপি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ভারতের আসামে পাকিস্তানপন্থী পোস্ট দেওয়ায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকা পেহেলগাম হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। ভারত পাকিস্তানকে দায়ী করলেও কোনো প্রমাণ দেয়নি। পাকিস্তান সেই অভিযোগ প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের বদলি নিয়ে এবার নেপথ্যের তৎপরতা তুঙ্গে। লটারির মাধ্যমে বদলি হতে পারে—এমন আশঙ্কায় পছন্দের কর্মস্থল ধরে...