31.4 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত, জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ার প্রত্যয় তারেক রহমানের

জনপ্রিয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, নদী-খাল ও জলাশয়ে অবমুক্ত করা মাছ বড় হয়ে প্রজনন করলে এর সুফল ভোগ করবে বাংলাদেশের মানুষ। তাই দেশের জলসম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে কৃষি ও মৎস্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের মানুষ, বিশেষ করে গ্রামের মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের উপকার হয়—এমন নীতি বাস্তবায়নের মাধ্যমেই দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
খাল খনন কর্মসূচির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর সারাদেশে খাল খননের কাজ শুরু হয়েছে। এতে কৃষকরা সেচ সুবিধা পাওয়ার পাশাপাশি খালের আশপাশের মানুষও পানির সুবিধা পাচ্ছেন।
তবে শুধু খাল খনন করলেই হবে না উল্লেখ করে তিনি বলেন, এসব জলাশয়ের পানি কৃষিকাজের পাশাপাশি মাছ উৎপাদনেও ব্যবহার করতে হবে। এতে একদিকে কৃষির উৎপাদন বাড়বে, অন্যদিকে দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে মৎস্যসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী জানান, ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্তকরণের পাশাপাশি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী ও বড় খালে মাছের পোনা ছাড়া হবে।
অনুষ্ঠানে নারী শিক্ষার গুরুত্বও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের পিছিয়ে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নারী সমাজকে শিক্ষিত ও দক্ষ করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, নারী-পুরুষ সবার অংশগ্রহণ নিশ্চিত করেই বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
অনুষ্ঠানে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মীর শাহে আলম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ স্থানীয় সংসদ সদস্য ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

বালিশকাণ্ডের পর এবার গণপূর্তের শীর্ষ চেয়ারে মূলহোতা! নেপথ্যে কী?

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের...