| Your Ads Here 100x100 |
|---|
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলের খেয়া ঘাটে চাঁদা না দেওয়ায় দুইটি স্পিডবোট ভাঙচুর এবং একটি স্পিডবোটের ইঞ্জিন খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৬ জুলাই) গভীর রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাঝরাতে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার সকালে দেখা যায়, দুটি স্পিডবোট ভাঙচুর করা হয়েছে এবং একটি বোটের ইঞ্জিন খুলে নেওয়া হয়েছে।
চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর মৌজার ২৪ একর বালুমহালটি সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে মেসার্স সরকার ট্রেডার্সকে। ইজারাদার এসএম এখলাসের প্রতিনিধি বেলাল হোসেন জানান, বালু পরিবহনের সময় চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয় বলে ধারণা করছেন তারা।
স্পিডবোট চালক সালাম বিশ্বাস জানান, রাত ৩টার দিকে ৩টি নৌকায় করে ৩৫-৪০ জন সশস্ত্র সন্ত্রাসী এসে এলোপাথাড়ি গুলি ছোড়ে। পরে স্পিডবোট নদীর মাঝখানে নিয়ে গিয়ে ভাঙচুর ও ইঞ্জিন খুলে নেয়।
নৌ পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৌ পুলিশের ইনচার্জ হুমায়ূন রশীদ জানান, কুষ্টিয়ার দৌলতপুর এলাকার সঙ্গে বালু বিক্রি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এই ঘটনার সূত্রপাত সেখান থেকেই বলে ধারণা।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

