| Your Ads Here 100x100 |
|---|
জাককানইবি প্রতিনিধি:
জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ ও খুনিদের বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি। এই কার্যক্রম চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।
সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং স্বাক্ষর দিয়ে এর সূচনা করেন। তিনি বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানে অংশ নেয়। সেই আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও ভর্তি প্রক্রিয়ায় বিশেষ সুবিধা প্রদান করেছে।
উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা। সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য-সচিব এবং লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ।
এছাড়া গণস্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, রেজিস্ট্রারসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
মাসব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

