| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্কঃ
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশের বিভিন্ন জেলায় তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। ‘আইডিয়া প্রতিযোগিতা’র প্রতিপাদ্য হলো— ‘আমার চোখে জুলাই বিপ্লব’।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় কিংবা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা একক বা সর্বোচ্চ তিন সদস্যের দল গঠন করে অংশ নিতে পারবেন। দলে একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক।
আইডিয়া জমা দিতে হবে ১-২ পৃষ্ঠার ধারণাপত্রে, যেখানে থাকবে শিরোনাম, বিবরণ, বাস্তবায়ন পরিকল্পনা, আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা), প্রত্যাশিত প্রভাব এবং প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য।
জমাদানের শেষ সময় ১০ জুলাই ২০২৫। জমা দিতে হবে নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। ইমেইলেও জমা দেওয়া যাবে।
সম্ভাব্য আইডিয়ার মধ্যে রয়েছে দেয়ালচিত্র, পথনাটক, প্রদর্শনী, ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযানসহ যেকোনো উদ্ভাবনী কার্যক্রম। নির্বাচিত আইডিয়া জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

