| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবরে সহানুভূতি ও সহায়তা নিয়ে তার বাড়িতে পৌঁছালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করে কর্দমাক্ত পথ পেরিয়ে তিনি রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়নের দুর্গম মগাইছড়ি গ্রামে যান।
রিজভী বলেন, “ঋতুপর্ণা চাকমার মা ব্রেস্ট ক্যানসারে ভুগছেন—এ খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত খোঁজ নেওয়ার নির্দেশ দেন। আমরা তার বার্তা ও সহায়তা নিয়ে এখানে এসেছি। তার রোগমুক্তি কামনা করি।”
তিনি জানান, দলটির পক্ষ থেকে বসুপতি চাকমার চিকিৎসার পুরো দায়িত্ব নেওয়া হয়েছে। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন ও জেলা বিএনপির পক্ষ থেকে ১ লাখ করে মোট ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রিজভী আরও বলেন, “এই অঞ্চলের সড়ক উন্নয়নের বিষয়ে সরকার ১৭ বছর ধরে বলছে, কিন্তু বাস্তবে তা চোখে পড়ে না। এ অব্যবস্থা দূর করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।”
সফরকালে রিজভীর সঙ্গে ছিলেন—বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আতিকুর রহমান রুমন, মোকছেদুল মোমিন মিথুন, জাহিদুল ইসলাম রনি, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম তুহিন।

