| Your Ads Here 100x100 |
|---|
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ১২টি পরিবারের মাঝে গরুর বাছুর ও সেড নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এ উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। তিনি সুফলভোগী ১২টি পরিবারের প্রত্যেকের হাতে বকনা ও ষাঁড় বাছুর এবং সেড নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার এবং ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন।
ডা. বেনজির আহমেদ জানান, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইশবপুর গ্রামের ১২টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ৬ পরিবার পেয়েছে বকনা বাছুর এবং বাকি ৬ পরিবার পেয়েছে ষাঁড় বাছুর। প্রত্যেককে দেওয়া হয়েছে ৫টি ঢেউটিন, ৪টি পিলার, ১টি ফ্লোর সেড এবং একটি সাইনবোর্ড।
এই সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ইউএনও।

