28 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

মব সৃষ্টি করে ছাত্রদল কে বাঁধা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে মব সৃষ্টি করে নেতাকর্মীদের নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করতে বাধা দেওয়া শিক্ষার্থীদের শনাক্ত করে বিচার ও নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছে তারা। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আহ্বায়ক মালিহা বিনতে খান বক্তব্য দেন।

এই ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে ডাকসু ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

পরে সংবাদ সম্মেলনে গণেশ চন্দ্র রায় সাহস অভিযোগপত্রটি পড়ে শোনান। অভিযোগপত্রে বলা হয়, ‘গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঢাবির শিক্ষার্থী ও ছাত্রদলের প্রাণের দাবি ডাকসু ও হল সংসদ নির্বাচন। ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব স্পষ্টভাবে দৃশ্যমান থাকা সত্ত্বেও গণতন্ত্র ও শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ছাত্রদল, ঢাবির সব নেতাকর্মীকে যথানিয়মে মনোনয়ন ফরম সংগ্রহের সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়।

ঢাবি ছাত্রদলের সভাপতি আরো বলেন, ‘সাংগঠনিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাবি ছাত্রদলের সব নেতাকর্মী আজ (গতকাল) দিনব্যাপী ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। সেই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে গেলে আমাদের দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী প্রশাসনের ভূমিকা পালন করা একদল শিক্ষার্থী আমাদের সব আশঙ্কাকে বাস্তব প্রমাণ করে একটি বিশৃঙ্খল মব সৃষ্টি করে তাঁদের ওপর হামলার চেষ্টা করে এবং মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে সে সময় হলটির নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত হলেও তাঁরা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হন।’

সাহস আরো বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে না পেরে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন।

ঢাবি প্রশাসনের এই ধারাবাহিক ব্যর্থতা এবং এহেন নৈরাজ্যবাদী মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনীহার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাকসু নির্বাচনের জন্য অত্যাবশ্যক লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব যে কতটা প্রকট, আজ এই ন্যক্কারজনক ঘটনার মাধ্যমে সেটিই প্রতীয়মান হয়েছে।’

 

তিনি বলেন, ‘ছাত্রদল ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ওই নিন্দনীয় ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাবিষয়ক আইন ও নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দবি জানাচ্ছে।’

তদন্ত কমিটি গঠন

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে মব সৃষ্টি করে নেতাকর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার ছাত্রদলের অভিযোগের পরিপ্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। কমিটিকে ১৯ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জরুরি ভিত্তিতে সুপারিশ দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এতে আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর মো. রবিউল ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম আরিফ মাহমুদ, সহকারী প্রক্টর এ কে এম নূর আলম সিদ্দিকী, সহকারী প্রক্টর আতিয়া সানজিদা শর্মী।
এদিকে গত রাতে ছাত্রদলের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গ এবং মনোনয়নপত্র উত্তোলনের সময় বাড়ানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। লিখিত বক্তব্যে সংগঠনটির আহ্বায়ক আব্দুল কাদের অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে পক্ষপাতমূলক আচরণ করছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...