বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. এমএম আকাশ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কঠোর সমালোচনা করে বলেছেন, “আপনাকে দিয়ে আর কিছু হবে না।” শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিপিবির চট্টগ্রাম জেলা সম্মেলনে তিনি বলেন, সরকার ‘সংস্কার’ নামের সাত হাজার পৃষ্ঠার দলিল বানিয়েছে, কিন্তু এতে জনগণের কোনো আশার প্রতিফলন নেই।
ড. ইউনূসের সাম্প্রতিক লন্ডন সফর এবং তারেক রহমানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে অধ্যাপক আকাশ বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন বলছেন, কিন্তু সেটি চাপের মুখে বলা। আপনি নিজেই জানেন না, বাঘের পিঠ থেকে কীভাবে নামবেন।”
তিনি আরও বলেন, “সংস্কার ও বিচার নিয়ে আপনার কর্মকাণ্ডে মানুষ আর আশাবাদী নয়। তাই টালবাহানা না করে সোজাসুজি নির্বাচন দিন। এতে আপনার, দেশের এবং জাতিরই মঙ্গল।”
ড. এমএম আকাশ বলেন, শেখ হাসিনার পতনের পর ছাত্রদের ইচ্ছায় অধ্যাপক ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন। সেই সময় দেশের রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিয়েছিল। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল, ‘আপনি গ্রহণযোগ্য সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে রাষ্ট্রক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দিন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘ইউনূস সেই পথে যাননি। তিনি অপ্রত্যক্ষভাবে রাজনৈতিক দল বানানোর কৌশল নিলেন, বন্দরকে বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন, করিডোর দেওয়ার উদ্যোগ নিলেন।
অনুষ্ঠানে জেলা সভাপতি অধ্যাপক অশোক সাহা পতাকা উত্তোলন করেন, সঞ্চালনা করেন সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী ও জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।
উদ্বোধনী সমাবেশ শেষে লাল পতাকার মিছিল বের হয়। এরপর নগরীর কাজীর দেউড়ি কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।