গাইবান্ধার সাদুল্লাপুরে ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে এক হাজার টাকার জন্য হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন খুলে নিয়ে গেছে পাওনাদার। বর্তমানে মানবেতর জীবনযাপন করছে ওই বৃদ্ধের পরিবার।
জানা যায়, গ্রামের ষাটোর্ধ্ব মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে1সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল ঠিক করার জন্য এক হাজার টাকা ধার নেয়। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়ার রহমানের বাড়িতে গিয়ে ঘরের ছাউনির ১০-১২টি টিন খুলে নিয়ে যায়।
আমাদের মাথা গোঁজার একমাত্র ঠাঁই এই ঘর। সেটার টিন খুলে নিয়ে গেছে। অনেক অনুরোধ করেছি, কিন্তু সুরুজ কোনো কথা শোনেনি। বৃষ্টির দিনে খুব অসুবিধার মধ্যে আছি। বলছিলেন বৃদ্ধ মতিয়ার রহমানের স্ত্রী জমিলা বেগম।
এ ঘটনায় ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। দুই দিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজকে টিনগুলো ফেরত দিতে বললেও এখনো কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুহুল আমিন বলেন, আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু সুরুজ মিয়া আমার কথাও শোনেনি।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঘরের টিন খুলে নেওয়া অমানবিক কাজ। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।