34 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

৪০ রানের পুঁজি নিয়েও জয়, ভাঙল ২৩২ বছরের রেকর্ড

জনপ্রিয়
ক্রিকেট যে অনিশ্চয়তার খেলাই, সেটির আরেকটি অবিশ্বাস্য উদাহরণ তৈরি হলো পাকিস্তানের করাচিতে। প্রেসিডেন্টস ট্রফির এক ম্যাচে মাত্র ৪০ রানের লক্ষ্য রক্ষা করে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটে এত কম রান তাড়া করতে গিয়ে হারের নজির আগে কখনো দেখা যায়নি।
সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) বিপক্ষে ম্যাচে পিটিভি দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য এসএনজিপিএলের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। সহজ মনে হলেও করাচির উইকেটে সেটিই হয়ে ওঠে অদম্য বাধা। পিটিভির বোলিং তোপে এসএনজিপিএল থেমে যায় মাত্র ৩৭ রানেই। ফলে ২ রানের নাটকীয় জয় পায় পিটিভি।
এই জয়ের মধ্য দিয়ে ভেঙে যায় প্রথম শ্রেণির ক্রিকেটের ২৩২ বছরের পুরোনো এক রেকর্ড। ১৭৯৪ সালে লর্ডসের ওল্ড গ্রাউন্ডে এমসিসির বিপক্ষে ৪১ রান রক্ষা করে জিতেছিল ওল্ডফিল্ড—এটাই ছিল এতদিনের সর্বনিম্ন লক্ষ্য রক্ষার রেকর্ড।
পিটিভির ঐতিহাসিক এই জয়ের নায়ক বাঁহাতি স্পিনার আলি উসমান। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯ রান খরচ করে তিনি নেন ৬ উইকেট। তাকে দারুণভাবে সহায়তা করেন পেসার আমাদ বাট, যিনি শিকার করেন ৪ উইকেট।
ম্যাচের শুরুটা ছিল বেশ স্বাভাবিক। প্রথম ইনিংসে পিটিভি করে ১৬৬ রান, জবাবে এসএনজিপিএল ২৩৮ রান তুলে নেয় ৭২ রানের লিড। তবে ম্যাচের শেষ ইনিংসে নাটকীয় মোড় নেয় খেলা। সহজ জয়ের দ্বারপ্রান্তে গিয়েও চরম ব্যর্থতায় ইতিহাসের অংশ হয়ে যায় এসএনজিপিএল, আর ক্রিকেট বিশ্ব পায় আরেকটি অবিস্মরণীয় মুহূর্ত।
- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...