বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো মেয়েদের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তিন দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ মার্চ। ইতোমধ্যে ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার প্রক্রিয়া শুরু করেছেন নির্বাচকরা।
স্থানীয় ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে রাখা হবে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘আইকন’, যেখানে জাতীয় দলের তিন শীর্ষ তারকাকে রাখা হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে আইকন খেলোয়াড় দলে নিতে পারবে।
আইকন ক্যাটাগরিতে অধিনায়ক নিগার সুলতানা নিশ্চিত রয়েছেন। এছাড়া সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি বিবেচনায় আছেন। আইকনদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ৬ ক্রিকেটার, যাদের প্রত্যেকের পারিশ্রমিক ৭ লাখ টাকা। প্রতিটি দল এই তালিকা থেকে দুজন করে খেলোয়াড় নিতে পারবে।
‘বি’ ক্যাটাগরিতে ১২ ক্রিকেটার থাকবেন, প্রত্যেকে পাবেন ৫ লাখ টাকা।
‘সি’ ক্যাটাগরিতে প্রায় ২০ জন খেলোয়াড় থাকবেন, যাদের পারিশ্রমিক ৩ লাখ টাকা।
এ তালিকা থেকে কেউ প্রথম দফায় দল না পেলে তাদের দেড় লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে রাখা হবে।
কোন খেলোয়াড় কোন ক্যাটাগরিতে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও আলাদা পারিশ্রমিক কাঠামো নির্ধারণ করা হয়েছে।
‘এ’ ক্যাটাগরিতে ৮ হাজার মার্কিন ডলার,
‘বি’ ক্যাটাগরিতে ৬ হাজার ডলার এবং
‘সি’ ক্যাটাগরিতে ৩ হাজার ডলার প্রস্তাব করা হয়েছে।
প্রতিটি ম্যাচে একাদশে অন্তত দুজন বিদেশি খেলোয়াড় রাখতে হবে এবং স্কোয়াডে ন্যূনতম চারজন বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক।
ডব্লিউবিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে। সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম।
তিন দলের এই আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ টাকা। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি মালিকানা বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ছেলেদের বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স–এর মালিকানা প্রতিষ্ঠান নাবিল গ্রুপ আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি টিভি সম্প্রচার স্বত্ব ও পৃষ্ঠপোষক সংগ্রহের কাজও শুরু করেছে বিসিবি।