24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সেহরি খেতে গিয়ে মারধরের শিকার ঢাবি শিক্ষার্থী, ফেলে যায় থানায়

জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সেহরি করতে গিয়ে তাকে কয়েক দফা মারধর করে একদল শিক্ষার্থী এবং পরে গুরুতর আহত অবস্থায় শাহবাগ থানায় রেখে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পাভেলের অভিযোগ, তিনি সেহরি করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে গিয়েছিলেন। সেখানে উপস্থিত কয়েকজন শিক্ষার্থীর নেতৃত্বে প্রায় ২০–২৫ জন তাকে কোনো কারণ ছাড়াই দুই থেকে আড়াই ঘণ্টা মারধর করে। অভিযুক্তদের মধ্যে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, প্রথমে বুয়েটের ভেতরে তাকে মারধর করা হয়। পরে রিকশায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনে, ভিসি চত্বর এবং রাজু ভাস্কর্যের সামনে নিয়ে গিয়ে আরও কয়েক দফা মারধর করা হয়। পরে তাকে শাহবাগ থানার সামনে রেখে যাওয়া হয়। এ সময় তার মোবাইল ফোন, বাইকের চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মারধরের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে এবং মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলে জানান পাভেল। তিনি দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং নিয়মিত শিক্ষার্থী হিসেবে ক্লাস করেন।
অন্যদিকে অভিযুক্তদের একজন, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ দাবি করেন, পাভেল অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময় ক্যাম্পাসে উত্তেজনাকর কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি বলেন, পাভেলকে ফোন চেক করতে বলা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং উত্তেজিত আচরণ করেন। পরে শিক্ষার্থীরা তাকে থানায় নিয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক নেতাও পাভেলের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করেন। তবে তার বিরুদ্ধে ছাত্রলীগের কোনো আনুষ্ঠানিক পদ বা প্রমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. খোকন মিয়া জানান, একদল শিক্ষার্থী তাকে ছাত্রলীগ করার অভিযোগে থানায় রেখে গেছে। বিষয়টি নিয়ে পুলিশ সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

৬৬ বছরে মা হচ্ছেন— গুঞ্জনে যা বললেন নীনা গুপ্তা

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা আবারও আলোচনায় এসেছেন, তবে এবার একটি গুজবকে ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—৬৬ বছর...