| Your Ads Here 100x100 |
|---|
বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার অবকাঠামো বিভাগের প্রধানের দায়িত্ব ছাড়ছেন সন্তোষ জনার্ধন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত অবকাঠামো তৈরি ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। একই সঙ্গে প্রকৌশল বিভাগের সহপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই প্রযুক্তিবিদ।
মেটা জানিয়েছে, সন্তোষ জনার্ধনের স্থলাভিষিক্ত হচ্ছেন ডেভ ব্রাউন। চলতি বছরের শুরুতে মেটার অবকাঠামো বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন তিনি। এর আগে প্রায় ১৯ বছর যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনে কাজ করেছেন ব্রাউন। সেখানে কম্পিউটিং, ক্লাউড প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
তবে দায়িত্ব ছাড়ার ঘোষণা এলেও এখনই মেটা থেকে বিদায় নিচ্ছেন না সন্তোষ জনার্ধন। দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুদিন প্রতিষ্ঠানে থাকবেন তিনি। এরপর মেটার ‘মেটা কম্পিউট’ উদ্যোগে উপদেষ্টা হিসেবে কাজ করবেন। মেটার এক মুখপাত্র জানিয়েছেন, আগামী বছর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি ছাড়ার কথা রয়েছে তাঁর।
২০০৯ সালে মেটায় যোগ দেন সন্তোষ জনার্ধন। এরপর দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা, পরিচালনা ও সম্প্রসারণের দায়িত্ব পালন করেন তিনি। মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্রযুক্তিগত সেবা বিশ্বজুড়ে সম্প্রসারণের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
সম্প্রতি তাঁর দায়িত্ব ছাড়ার খবর প্রথম প্রকাশ করে সংবাদমাধ্যম ব্লুমবার্গ। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ একটি স্মারকলিপির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। তবে কেন তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্মারকলিপিতে দায়িত্ব হস্তান্তরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন জনার্ধন। তবে তাঁর পদত্যাগের পেছনে নির্দিষ্ট কোনো কারণ তুলে ধরা হয়নি। ফলে দীর্ঘদিনের এই কর্মকর্তার দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের বিষয়ে এখনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা জোরদারে বড় ধরনের বিনিয়োগ করছে মেটা। বিশেষ করে উন্নত কম্পিউটিং ব্যবস্থা, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো তৈরিতে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
চলতি বছর সন্তোষ জনার্ধনকে মেটার ‘মেটা কম্পিউট’ উদ্যোগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উন্নত প্রযুক্তি পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা।
নতুন দায়িত্বে ডেভ ব্রাউন মেটার অবকাঠামো ব্যবস্থাপনা ও সম্প্রসারণের কাজ এগিয়ে নেবেন। অ্যামাজনে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়াতে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

