| Your Ads Here 100x100 |
|---|
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত কিছুটা স্থগিত থাকলেও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা থামছে না। বরং গত অক্টোবর মাসে এই প্রণালিতে হামলার শিকার হয়েছে রেকর্ডসংখ্যক বাণিজ্যিক ও তেলবাহী ট্যাংকার জাহাজ। এক মাসে মোট ৩৭টি জাহাজ হামলার শিকার হয়েছে, যা সংঘাত শুরুর পর থেকে সর্বোচ্চ।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি (ডব্লিউআইএনইপি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম দিন থেকে মাসের শেষ দিন পর্যন্ত হরমুজ প্রণালিতে এসব হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। সংঘাতের প্রথম দিন থেকেই বিদেশি জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ইরানের সামরিক বাহিনীর প্রভাবশালী শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের অনুমতি ছাড়া যেসব বিদেশি বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছে, সেগুলোর অনেকগুলোই হামলার শিকার হয়েছে।
গত মার্চ থেকে অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে আইআরজিসি। তবে অক্টোবরের আগে কোনো এক মাসে এই প্রণালিতে ৩০টির বেশি জাহাজ হামলার শিকার হওয়ার ঘটনা ঘটেনি। ফলে অক্টোবরের ৩৭টি হামলা পরিস্থিতির আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে।
জাহাজে হামলার কারণে শুধু বাণিজ্যিক ও জ্বালানি সরবরাহই ব্যাহত হচ্ছে না, বাড়ছে পরিবেশদূষণের ঝুঁকিও। ক্ষতিগ্রস্ত ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ছে সমুদ্রের পানিতে। এতে পারস্য উপসাগর ও ওমান উপসাগরসংলগ্ন সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে পড়েছে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যাচাই করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ছড়িয়ে পড়া তেল ওমানের উপকূল পর্যন্ত পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের উপগ্রহ থেকে পাওয়া ছবিতেও ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছাকাছি সমুদ্রের পানিতে তেল ছড়িয়ে পড়ার চিত্র দেখা গেছে। এ বিষয়ে জানতে রয়টার্স ওমান সরকারের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
কিন্তু যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং এর জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। নিয়মিত হামলার কারণে অনেক জাহাজ এই পথ ব্যবহার করতে পারছে না। ফলে তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওপর।
এদিকে রোববার হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘ন্যাভিগ ৮ মেসি’ নামের একটি মাঝারি আকারের পরিশোধিত জ্বালানিবাহী ট্যাংকার। রয়টার্সের যাচাই করা ভিডিওতে দেখা গেছে, জাহাজটিতে আগুন জ্বলছে। ওমানের উপকূলের কাছাকাছি এলাকায় হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়।
একই দিনে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস সেন্টিনেল-২ উপগ্রহের তোলা ছবিতেও ওই এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনীর দাবি অনুযায়ী, হরমুজ প্রণালির নিষিদ্ধ বা অননুমোদিত পথ ব্যবহার করার কারণে রোববার ন্যাভিগ ৮ মেসিসহ মোট তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়।
সমুদ্রপথে হামলার পরিমাণ বাড়ার বিষয়টি উঠে এসেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্যেও। সংস্থাটি জানিয়েছে, ১০ নভেম্বর পর্যন্ত এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ১৩৩টি হামলার ঘটনা নিশ্চিতভাবে নথিভুক্ত করা হয়েছে।
সংঘাত শুরুর পর থেকে এসব হামলায় অন্তত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া পারস্য উপসাগর থেকে বের হতে না পারা জাহাজগুলোতে আটকে থাকা হাজার হাজার নাবিক ও ক্রু সদস্য এখনো নিরাপত্তাঝুঁকির মধ্যে রয়েছেন।
ন্যাভিগ ৮ মেসি জাহাজটির পরিচালনা এবং মালিকানার বড় অংশের দায়িত্বে রয়েছে ‘অ্যাডনক লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস’। হামলার বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত থাকার পাশাপাশি ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধও বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ ঘটনায় শনিবার ইরানের একটি বন্দর থেকে বের হয়ে আঞ্চলিক জলসীমা ছাড়ার চেষ্টা করছিল সেন্ট কিটসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। এ সময় মার্কিন সামরিক বিমান থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
সব মিলিয়ে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংঘাত এখন শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্য, সমুদ্রপথের নিরাপত্তা এবং সামুদ্রিক পরিবেশের ওপরও। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও পণ্যের পরিবহনব্যবস্থায় আরও বড় সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

